২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশে নতুন মার্কিন রাষ্ট্রদূত বুটেনিস মার্চে ঢাকায় পৌঁছাবেন

বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত প্যাট্রিসিয়া এ বুটেনিস মার্চে ঢাকায় এসে পৌঁছাবেন বলে সোমবার বিশ্বস্ত একটি সূত্র জানিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2006, 09:49 PM

Updated : 26 Apr 2022, 03:27 PM

বুটেনিস হবেন বাংলাদেশে তৃতীয় মহিলা ও সব মিলিয়ে দ্বাদশ মার্কিন রাষ্ট্রদূত। এর আগে ম্যারি অ্যান পিটার্স ও জ্যান অ্যাবেল কুন বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন।

অ্যাবেল কুন ১৯৮১ সালের ৩০ জুন থেকে ১৯৮৪ সালের ৩ আগস্ট এবং ম্যারি অ্যান পিটার্স ২০০০ সালের ২৬ জুলাই থেকে ২০০৩ সালের ১০ জুলাই বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত ছিলেন।

বুটেনিস পাকিস্তানে মার্কিন মিশনের ডেপুটি প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। কূটনৈতিক হিসেবে তিনি কলম্বিয়া, বোগোটা, পোল্যান্ড এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনসুলার বিষয়ক ব্যুরোতে কর্মরত ছিলেন।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিস অব দ্যা সেক্রেটারিতে নির্বাহী সেক্রেটারি হিসেবে বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বশেষ রাষ্ট্রদূত হ্যারি কে টমাস ২০০৫ সালের ২ জুলাই চলে যাওয়ার পর থেকে ঢাকায় মার্কিন রাষ্ট্রদূতের পদটি শূন্য পড়ে।

অবশ্য টমাস চলে যাওয়ার পর থেকে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত হিসেবে জুডিথ এ শামাস দায়িত্ব পালন করে যাচ্ছেন।