রাজনীতিকরা একে অন্যের মতের প্রতি অসহিষ্ণু ও অশ্রদ্ধাশীল হয়ে উঠছেন: প্রধান বিচারপতি
প্রধান বিচারপতি সৈয়দ জে আর মোদাচ্ছির হুসাইন বলেছেন, রাজনৈতিক নেতারা একে অন্যের মতের প্রতি অসহিষ্ণু ও অশ্রদ্ধাশীল হয়ে উঠছেন।
তিনি এ প্রবণতাকে দুঃখজনক উল্লেখ করে বলেন, একের পর এধরনের কর্মকাণ্ডে গণতান্ত্রিক প্রক্রিয়া নষ্ট হয়ে যাচ্ছে।
তিনি বলেন, সাম্প্রতিক বছরগুলোতে আামদের রাজনৈতিক নেতারা দুঃখজনকভাবে একে অন্যের মতের প্রতি আরও বেশি অসহিষ্ণু ও অশ্রদ্ধাশীল হয়ে উঠছেন।
বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা আয়োজিত এক সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি একথা বলেন।
তিনি বলেন, রাজনৈতিক নেতাদের অব্যাহত অহিষ্ণুতার কারণে গণতান্ত্রিক ব্যবস্থা শক্তিশালীকরণ এবং আইনের শাসন প্রতিষ্ঠা বাধাগ্রস্ত হচ্ছে।
মোদাচ্ছির হুসাইন বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রের নেতারা একে অন্যের মতের প্রতি সহিষ্ণু হবেন এবং অন্যের মত গ্রহণ করার মানসিকতা পোষণ করবেন।
মানবাধিকার রক্ষার ক্ষেত্রে তিনি বিচার বিভাগের তাৎপর্যপূর্ণ স্বাধীনতার ওপর জোর দেন। তিনি বলেন, এটি করতে না পারলে সমাজে বিশৃঙ্খলা দেখা দিতে পারে।
তিনি আরও বলেন, আইনের শাসন প্রতিষ্ঠায় আমাদের অবশ্যই শক্তিশালী বিচার বিভাগ এবং সমঝোতামূলক ও গণতান্ত্রিক মূল্যবোধের পরিবেশ থাকতে হবে।
বিচারপতি হুসাইন বলেন, মানবাধিকার চর্চার অভাবে মানুষের সার্বিক উন্নয়ন ও সমাজের অগ্রগতি বাধাগ্রস্ত হবে এবং সভ্যতার দিকে অগ্রসরের ক্ষেত্রে পুরো জাতির অগ্রগতি থমকে যাবে। আর এর ফলশ্রুতিতে পুরো জাতি বিশৃঙ্খলা ও নৈরাজ্যে নিমজ্জিত হবে যা এক সময় নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে।
তিনি বলেন, সুষ্ঠু ও কার্যকর আইনি ব্যবস্থা ছাড়া নির্বাহী বিভাগের দ্বারা মানবাধিকার লংঘনের প্রবণতা রোধ করা যাবে না।
বিচারপতি হুসাইন বলেন, মানবাধিকার নিশ্চিত করা এবং রক্ষার জন্যে একটি তাৎপর্যপূর্ণ স্বাধীন বিচার বিভাগ অপরিহার্য। স্বাধীন বিচার বিভাগের জন্যে মায়া কান্না ঔপনিবেশিক আমলের আইনি ব্যবস্থার মতোই পুরনো।
তিনি বলেন, গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশ যেহেতু স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠার মাধ্যমে শোষণমুক্ত সমাজ নিশ্চিত করার আদর্শ ও মূল্যবোধের প্রতি প্রুতিশ্রুতিবদ্ধ। তাই মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠার জন্যে আমি সংসদ, নির্বাহী বিভাগ, বিচার বিভাগ ও সুশীল সমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানাচ্ছি।
মানবাধিকার নিশ্চিত করা এবং রক্ষার জন্যে তিনি নীতি ও শাসন ব্যবস্থার উন্নয়ন এবং এব্যাপারে একটি কর্ম পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার মহাসচিব অ্যাডভোকেট সিগমা হুদার সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে মানুষের জন্যে’র দলনেতা শাহিন অনাম ও অ্যাডভোকেট এলিনা খান বক্তব্য রাখেন।
