অ্যাডভোকেট জয়নুল আবেদীন হুদার নেতৃত্বাধীন আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক নির্বাচিত
বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জয়নুল আবেদীন শনিবার যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদার নেতৃত্বাধীন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের (বিজেএএফ) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
এছাড়া ফোরামের উপদেষ্টারা শিগগিরই প্রধান উপদেষ্টা নির্বাচিত করবেন বলে সিদ্ধান্ত নেয় বিজেএএফ।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (এসসিবিএ) দক্ষিণ হলে শনিবার বিজেএএফ সভাপতি ব্যারিস্টার নাজমুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত ফোরামের বর্ধিত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
অ্যাডভোকেট জয়নুল আবেদীন ও ফোরামের জেলা প্রতিনিধিরা সভায় বক্তব্য রাখেন।
ব্যারিস্টার নাজমুল হুদার নেতৃত্বাধীন বিজেএএফ ১৯ জানুয়ারি ব্যারিস্টার হুদাকে সভাপতি এবং তার প্রতিদ্বন্দ্বী গ্রুপের নেতা ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হককে সাধারণ সম্পাদক করে ৩০১ সদস্য বিশিষ্ট একটি নির্বাহী কমিটি গঠন করে।
ওই কমিটিতে প্রতিদ্বন্দ্বী গ্রুপের সভাপতি অ্যাডভোকেট টিএইচ খানকে প্রধান উপদেষ্টা এবং অপর নেতা অ্যাডভোকেট খন্দকার মাহবুবউদ্দিন আহমেদ এমপিকে উপদেষ্টা করা হয়।
কিন্তু নতুন ওই কমিটি গঠনের পর ২৪ ঘন্টা যেতে না যেতেই ২০ ফেব্রুয়ারি সবাইকে অবাক করে দিয়ে ব্যারিস্টার নাজমুল হুদা ওই কমিটির সভাপতির পদ থেকে পদত্যাগ করেন।
অ্যাডভোকেট টিএইচ খান ও ব্যারিস্টার আমিনুল হক বিজেএএফ’র সভাপতি হিসেবে নাজমুল হুদাকে মেনে না নেয়ায় তিনি এ সিদ্ধান্ত নেন বলে ঘোষণা দেন।
তবে ২৪ জানুয়ারি ব্যারিস্টার হুদা তার পদত্যাগপত্র প্রত্যাহার করে নেন।
বিজেএএফ’র সভাপতির পদ থেকে প্রথমে পদত্যাগ এবং পরে আবার ওই পদত্যাগপত্র প্রত্যাহার প্রসঙ্গে ব্যারিস্টার নাজমুল হুদা বলেন, জাতীয়তাবাদী আইনজীবীদের একতার স্বার্থেই তিনি সভাপতির পদ থেকে পদত্যাগ এবং পরে পদত্যাগপত্র প্রত্যাহার করে নিয়েছেন।
এদিকে অ্যাডভোকেট টিএইচ খান ও ব্যারিস্টার আমিনুল হকের নেতৃত্বাধীন ব্যারিস্টার হুদার প্রতিদ্বন্দ্বী গ্রুপটিও তাদের কর্মকাণ্ড চালিয়ে আসছে।
