২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৮ ফাল্গুনকে মাতৃভাষা দিবস হিসেবে উদযাপন করতে সরকারের প্রতি হুদার আহ্বান

যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা ৮ ফাল্গুনকে মাতৃভাষা দিবস হিসেবে উদযাপন করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2006, 06:43 PM

Updated : 26 Apr 2022, 03:27 PM

জাতীয় প্রেস ক্লাবে মন্ত্রীর নিজের প্রতিষ্ঠিত ‘ফাল্গুন চর্চা’ নামক মাতৃভাষা নির্ভর একটি সংগঠনের আয়োজনে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।

মন্ত্রী বলেন, ফেব্রুয়ারির যে দিনেই ৮ ফাল্গুন হোক না কেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ২১ ফেব্রুয়ারির পাশাপাশি এবং ২১ ফেব্রুয়ারির মতোই ৮ ফাল্গুনকে যথাযোগ্য মর্যাদায় ও গুরুত্বের সাথে পালন করতে হবে।

ভাষা আন্দোলনের ক্ষেত্রে এই দিন ও মাসটিকে আমরা কখনোই ভুলে যেতে পারিনা। তিনি আরো বলেন, আমাদের আরো বেশি করে বাংলার চর্চা করার জন্যে দিনটিকে সারা বিশ্বের বাঙ্গালিদেরকে মাতৃভাষা দিবস হিসেবে পালন করা উচিত।

২১ ফেব্রুয়ারি এবং ৮ ফাল্গুন একই সাথে পালন করা হবে কি না সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বর্তমানে সারা বিশ্বে ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃত, আর আমরা এর পাশাপাশি ৮ ফাল্গুনকে মাতৃভাষা দিবসের মর্যাদা দিতে চাই।

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি গিয়াস কামাল চৌধুরী, প্রখ্যাত গীতিকার ও সুরকার গাজী মাজহারুল আনোয়ার এবং জিয়া সংস্কৃতিক সংগঠনের সাধারণ সম্পাদক আবুল হাশেম রানা।

নাজমুল হুদা সাংবাদিকদের জানান, গাজী মাজহারুল আনোয়ার ইতোমধ্যেই ৮ ফাল্গুন নিয়ে একটি গান লিখে ফেলেছেন। সাংবাদিকদের অনুরোধে গানের প্রথম কয়েক লাইন তিনি গেয়ে শোনান।

‘ফাল্গুন চর্চা’ ৮ ফাল্গুন সকাল ১১টায় প্রেসক্লাব থেকে শহীদ মিনার পর্যন্ত একটি পদযাত্রার আয়োজন করবে।