সংস্কার প্রস্তাব বাস্তবায়নে সরকারকেই সংসদে বিল আনতে হবে: শেখ হাসিনা
জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কারের প্রস্তাব বাস্তবায়নে বিল আনতে সরকারের কাছে দাবি জানিয়েছেন।
তিনি বলেছেন, সরকার এই সংস্কার মানবে কী না, তা তাদের স্পষ্ট করে বলতে হবে। কোনো ছুঁতোয় সংস্কার বাস্তবায়ন করা না হলে জনগণ তা মেনে নেবে না।
শনিবার ঢাকায় বাংলাদেশ শিক্ষক সমিতির জাতীয় প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমরা জাতীয় সংসদে যে সংস্কার প্রস্তাব উত্থাপন করেছি, তার অনেকগুলোই সরকারের নির্বাহী আদেশে বাস্তবায়ন করা যায়। বাকিগুলোর জন্যে সংবিধানে প্রয়োজনীয় সংশোধনী আনতে সরকারকেই বিল আনতে হবে। কারণ সংসদে আমাদের সদস্য সংখ্যা কম। আর বেসরকারি কোনও বিল আলোর মুখ দেখে না। তাই সরকারকে বিল এনে তা পাস করে সংস্কারের ব্যাপারে তাদের আন্তরিকতা প্রমাণ করতে হবে।
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আজিজুল ইসলাম।
বক্তব্য রাখেন আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম নাহিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক একে আজাদ চৌধুরী, বিএফইউজে সভাপতি ইকবাল সোবহান চৌধুরী, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট মাহবুবে আলম, পেশাজীবী সমন্বয় পরিষদের সদস্য সচিব ডা: কামরুল হাসান খান, শিক্ষক সমিতি নেতা অধ্যক্ষ কাজী ফারুক আহমেদ, অধ্যক্ষ কামরুজ্জামান ও শেখ আমানুল্লাহ।
শেখ হাসিনা তার বক্তব্যে জোট সরকারের বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগ এনে বলেন, তারা ভোট চুরি করে আবারও ক্ষমতায় আসতে চায়। ভোট কারচুপির জন্যে তারা এক তরফাভাবে দলীয় নির্বাচন কমিশনার নিয়োগ ও আদালতের রায় উপেক্ষা করে ভুয়া ভোটার তালিকা প্রনয়ণসহ নতুন নতুন প্রক্রিয়া শুরু করেছে।
শিক্ষকসমাজসহ সর্বস্তরের দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের সাংবিধানিক অধিকার আর কেউ যেন কেড়ে নিতে না পারে, সেজন্যে সবাইকে সজাগ থাকতে হবে।
আওয়ামী লীগ প্রধান বলেন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, অত্যাচার, নির্যাতন, দুর্নীতি, সন্ত্রাস, দলীয়করণ তথা জোট সরকারের দু:শাসনে দেশের মানুষ অতিষ্ঠ। জনগণ এই ব্যর্থ সরকারকে আর এক মুহূর্ত ক্ষমতায় দেখতে চায় না।
শেখ হাসিনা বলেন, তেলের মূল্যবৃদ্ধির কারণে দেশে রেল চলে না। বিমানের বিধ্বস্ত অবস্থা। প্রধামন্ত্রী ও তার পুত্ররা বেসরকারি বিমানের ব্যবসা করবেন বলে বাংলাদেশ বিমানকে বিধ্বস্ত করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।
শিক্ষা ক্ষেত্রে আওয়ামী লীগ সরকারের আমলে গৃহীত বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের বর্ণনা দিয়ে সাবেক প্রধানমন্ত্রী বলেন, আমরা শিক্ষাকে সর্বাধিক গুরুত্ব দিয়েছিলাম। অথচ আজ সবচে’ বেশি অবহেলায় রাখা হচ্ছে শিক্ষাখাত ও শিক্ষকদের। তাদের নির্যাতন করা হচ্ছে। শিক্ষকদের বিরুদ্ধে মিথ্যে মামলা দায়ের করা হচ্ছে।
তিনি প্রশ্ন করেন, শিক্ষকদের অভুক্ত রেখে, বঞ্চিত করে, অত্যাচার নির্যাতন চালিয়ে শিক্ষার উন্নয়ন হবে কীভাবে?
আওয়ামী লীগ প্রধান শিক্ষকদের দাবির প্রতি সমর্থন জানিয়ে পৃথক বেসরকারি শিক্ষক নিয়োগ ও বেতন কমিশন গঠনের দাবি জানান। পাশাপাশি মুদ্রাস্ফীতির সঙ্গে সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে শিক্ষক কর্মচারিদের বেতন বৃদ্ধির ব্যবস্থা থাকা উচিত বলে তিনি মন্তব্য করেন।
বিকেলে একই স্থানে শিক্ষক সমিতির সাংগঠনিক অধিবেশন অনুষ্ঠিত হয়। সংগঠনের সহ সভাপতি এসএম আব্দুল জলিল এতে সভাপতিত্ব করেন।
