খুলনায় একই স্থানে বিএনপির ২ গ্রুপের কর্মী সম্মেলন, ১৪৪ ধারা জারি
খুলনায় একই স্থানে বিএনপির মেয়র-লবী গ্রুপ ও দাদু-মঞ্জু গ্রুপ কর্মী সম্মেলনের ডাক দেওয়ায় খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) ১৪৪ ধারা জারি করেছে।
শনিবার খুলনা আউটার স্টেডিয়ামে দু’ গ্রুপের পল্টাপাল্টি সম্মেলনের কারণে সংঘর্ষের আশংকায় প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা জারি করা হয়।
গত ৪ ফেব্রুয়ারি দাদু-মঞ্জু গ্রুপের নেতৃত্বাধীন বিএনপির নেতা কর্মীরা সম্মেলন করার সিদ্ধান্ত নেয়। সম্মেলন সফল করতে বিএনপি নেতা এস এম মোর্শেদ আলমকে আহবায়ক করে ১০১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। গঠিত হয় একাধিক উপকমিটি। কর্মী সম্মেলন সফল করতে গত কয়েকদিন ধরে দাদু-মঞ্জু গ্রুপ নগরীর বিভিন্ন ওয়ার্ডে ও থানায় কর্মী সভা অব্যহত রাখে। বুধবার সকাল থেকে আউটার স্টেডিয়ামে প্যান্ডেল তৈরির কাজও শুরু হয়। পরবর্তীতে একই স্থানে ও সময়ে মহানগর বিএনপির মেয়র-লবী গ্রুপ কর্মী সম্মেলনের সময় ও স্থান নির্ধারণ করে।
শুক্রবার দুপুর ১২টায় খুলনা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বিএনপির দুই গ্রুপের মহাসম্মেলনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে ১৪৪ ধারা জারি করা হয়। আউটার স্টেডিয়াম থেকে পুলিশের উপস্থিতিতে দাদু-মঞ্জু গ্রুপের নির্মিত প্যান্ডেল খুলে ফেলা হয়। আউটার স্টেডিয়ামে নিরাপত্তা রক্ষার্থে দুই প্লাটুন পুলিশ মোতায়েন করা হয়েছে।
এদিকে ১৪৪ ধারা জারির প্রতিবাদ জানিয়ে দাদু-মঞ্জু গ্রুপ শুক্রবার বিকেল সাড়ে ৩টায় খুলনা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন জানায়, মহানগর বিএনপির আহবায়ক কমিটির নেতৃবৃন্দের ইন্ধনে কেএমপি ১৪৪ ধারা জারি করে। দলের ৮৫ভাগ নেতাকর্মী দাদু-মঞ্জু গ্রুপের পক্ষে থাকায় তথাকথিত আহবায়ক কমিটির নেতৃবৃন্দ ঈর্ষান্বিত হয়ে পড়ে। যে কারণে তারা তাদের জনসমর্থনহীন রাজনৈতিক অবস্থান লুকাতে এ ধরনের হীন প্রচেষ্টা চালাচ্ছেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নজরুল ইসলাম মঞ্জু।
এ সময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য এম.নুরুল ইসলাম দাদু, বিএনপি নেতা মোর্শেদ আলম, মনিরুজ্জামান মনি, আনোয়ারুল কাদির খোকন, আব্দুল জলিল খান কালাম, ফজলে হালিম লিটন, মোশাররফ হোসেন, মীর কায়সেদ, যুবদল নেতা শফিকুল ইসলাম তুহিন, আরিফুজ্জামান অপু, ছাত্রদল মহানগর সভাপতি মাসুদ পারভেজ বাবু প্রমুখ।
