২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরোধ মিটিয়ে ফেলা উচিত, জনগণ বাইরের হস্তক্ষেপ পছন্দ করেনা: ম্যাককিনন

বাংলাদেশের মতো দেশের রাজনৈতিক দলগুলোর বিরোধ মেটাতে নিজেদের মধ্যে সংলাপের আহ্বান জানিয়ে কমনওয়েলথ মহাসচিব ডোনাল্ড সি ম্যাককিনন শুক্রবার বলেছেন, জনগণ দেশের অভ্যন্তরীন ব্যাপারে বাইরের দেশের হস্তক্ষেপ পছন্দ না করায় রাজনৈতিক দলগুলোর উচিত নিজেদের মধ্যেকার বিরোধ মিটিয়ে ফেলা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2006, 03:54 PM

Updated : 26 Apr 2022, 03:26 PM

এ মুহূর্তে রাজনৈতিক দলগুলো বাইরের কোন পক্ষের বা দেশের মধ্যস্ততা ছাড়া নিজেদের বিরোধ মিটিয়ে ফেলতে সক্ষম কিনা এমন প্রশ্নের জবাবে ম্যাককিনন বলেন, নিজেদের মধ্যে সংলাপই বিরোধ মিটিয়ে ফেলার সবচে’ ভালো সমাধান। আমি এটা জেনে খুশি হয়েছি যে, বিরোধী দল এখন সংসদে যোগ দিয়ে তাদের মতামত রাখছে।

দুই দিনের ঢাকা সফর শেষে পাকিস্তানের উদ্দেশে ঢাকা ত্যাগের প্রাক্কালে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

সরকার ও বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যেকার পারস্পরিক বিরোধ মিটিয়ে ফেলতে মধ্যস্থতার প্রয়োজন হলে এবং এ জন্য অনুরোধ করা হলে ইউরোপিয়ান ইউনিয়ন কার্যকর সংলাপ অয়োজনের উদ্যোগ নিতে পারে এমন ঘোষণার একদিন পরই ম্যাককিনন এ মন্তব্য করলেন।

৫৩ সদস্যের কমনওয়েলথ দেশগুলোর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখতে নিয়মিত সফরের অংশ হিসেবে ম্যাককিনন তার দু’দিনের বাংলাদেশ সফরে প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেত্রী, অর্থমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন।

প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ আয়োজনে কমনওয়েলথ মধ্যস্থতা করতে পারে কিনা এমন প্রশ্নের জবাবে ম্যাককিনন বলেন যে, তারা (কমনওয়েলথ) সব সময় রাজনৈতিক দলগুলোর সাথে সম্পর্ক বজায় রেখে চলেন। তবে দলগুলোর ওপর কোন কিছু চাপিয়ে দেয় না।

ম্যাককিনন অবশ্য পরে বলেন, যদি আমাদের আমন্ত্রণ জানানো হয় তখনই আমরা অগ্রসর হই।

বিরোধীদলের দেওয়া তত্ত্বাবধায় সরকার সংস্কার প্রস্তাবের ব্যাপারে অভিমত জানতে চাওয়া হলে কমনওয়েলথ মহাসচিব ম্যাককিনন বলেন, প্রতিটি পদ্ধতিই আরো উন্নত হতে পারে। তবে সেই পদ্ধতির মধ্যে নমনীয়তা থাকতে হবে এবং একই সঙ্গে জনগণের সম্মতি থাকতে হবে।

ম্যাককিনন তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতিকে ‘কার্যকর ও চমৎকার’ উল্লেখ করে এর ভূয়সী প্রশংসা করেন।

বাংলাদেশের সংঘাতপূর্ণ রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কিত এক প্রশ্নের জবাবে ম্যাককিনন ইতিবাচক মন্তব্য করে বলেন, রাজনীতিতে এ ধরনের অবস্থা থাকতেই পারে, বিশেষ করে নির্বাচন যখন সন্নিকটে তখন এ অবস্থা খুবই স্বাভাবিক।

তিনি বলেন, তবে মূল সমস্যাগুলো রাজনৈতিক দলগুলোর প্রধানরা মিটিয়ে ফেলতে পারেন।

তিনি বলেন, এক্ষেত্রে সমাঝোতায় আসা বেশ কঠিন। আমি আশা করি, আগামী নির্বাচনের পর পরবর্তী সরকার একটা সমাঝোতার পরিবেশ তৈরি করতে পারবে।

তিনি আরও বলেন, বাংলাদেশের সামনে এখন অনেকগুলো চ্যালেঞ্জ রয়েছে, এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে সক্ষম হলে তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন লাভ করবে।

প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার সাথে সাক্ষাতের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, তারা উভয়ই নির্বাচন পর্যবেক্ষকদের স্বাগত জানিয়েছেন। তবে বিরোধীদলীয় নেতা নির্বাচনের দীর্ঘকালীন পর্যবেক্ষণের কথা বলেছেন।

তিনি বলেন, কিন্তু এ কাজে আমরা কত অর্থ খরচ করতে পারবো এবং এখানে কতজন আসবে সে ব্যাপারে পরে সিদ্ধান্ত নেব।

তিনি আরও বলেন, এদেশের নির্বাচনের আগে আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্যেও একটা বড় চ্যালেঞ্জ।

ম্যাককিননকে বিদায় জানাতে অতিরিক্ত পররাষ্ট্র সচিব এম মনিরুজ্জামান বিমান বন্দরে উপস্থিত ছিলেন।