হাইকোর্টের নিষেধাজ্ঞার বিরুদ্ধে চুন্নুর আপিল, শুনানি ১৬ ফেব্রুয়ারি
ঢাকার বিভাগীয় বিশেষ জজ রেজাউল করিম খান চুন্নু মঙ্গলবার তার বিচার কার্যক্রমের ওপর হাইকোর্টের দেয়া দু’সপ্তাহের নিষেধাজ্ঞা স্থগিত করার আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে আপিল করেছেন।
তবে তার এ আপিলের প্রেক্ষিতে আপিল বিভাগের চেম্বার জজ বিচারপতি আমিরুল কবির চৌধুরী কোনও রায় না দিয়ে এ ব্যাপারে ১৬ ফেব্রুয়ারি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি অনুষ্ঠানের দিন ধার্য করেছেন।
জনস্বার্থে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট খায়রুল আলমের দায়ের করা একটি রিট পিটিশনের প্রেক্ষিতে বিচারপতি আওলাদ আলী ও বিচারপতি জিনাত আরা সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট বেঞ্চ সোমবার বিচারপতি রেজাউল করিম খান চুন্নুর বিচার কার্যক্রম চালিয়ে যাওয়ার ওপর দু’সপ্তাহের নিষেধাজ্ঞা আরোপ করেন।
ক্ষমতাসীন বিএনপি’র রাজনৈতিক কর্মকাণ্ডে জজ রেজাউল করিম খান চুন্নুর সংশ্লিষ্টতার অভিযোগে আদালত এ রায় দেন।
আদালত একই সাথে সরকারি চাকরির নীতিমালা ভঙ্গের অভিযোগে চুন্নুর বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেয়া হবে না তার কারণ দর্শানোর নির্দেশ দিয়ে সরকারের প্রতি রুল জারি করেন। দুই সপ্তাহের মধ্যে এ রুলের জবাব দিতে বলা হয়।
হাইকোর্টের এ আদেশের বিরুদ্ধে রেজাউল করিম খান চুন্নু সুপ্রিম কোর্টের শরনাপন্ন হন।
