বুধবার ১৪ দলের দেশব্যাপী হরতাল
সারাদেশে বুধবার আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের সকাল-সন্ধ্যা হরতাল। সংসদের বিরোধী দলের নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ৫ ফেব্রুয়ারি লংমার্চ শেষে পল্টন ময়দানের জনসমুদ্র থেকে হরতালসহ পরবর্তী আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেন।
জ্বালানি, সার ও কীটনাশকসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন ব্যবস্থার সংস্কার, সরকার ও প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবিতে এ হরতালের ডাক দেওয়া হয়।
হরতাল উপলক্ষে রাজধানী ঢাকায় নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ জানায়, এ দিন ঢাকার বিভিন্ন স্পর্শকাতর পয়েন্টে র্যাব, বিডিআর, পুলিশ, দাঙ্গা পুলিশ ও আনসার বাহিনীর প্রায় আট হাজার সদস্য মোতায়েন থাকবে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল মঙ্গলবার এক বিবৃতিতে হরতাল সফল করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।
৫ ফেব্রুয়ারি ১৪ দলের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এরই মধ্যে গত ৮ ফেব্রুয়ারি সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। গণগ্রেপ্তার ও নির্যাতনের প্রতিবাদে এই বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।
অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে, আগামী ২৫ ফেব্রুয়ারি দিনাজপুরে রংপুরের বিভাগীয় মহাসমাবেশ, ১ মার্চ চট্টগ্রামে এবং ৬ মার্চ বরিশালে বিভাগীয় মহাসমাবেশ।
