২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রী প্রতিহিংসা নিয়ে দেশ চালিয়ে প্রভু ইয়াহিয়ার অসমাপ্ত কাজ সমাপ্ত করছেন: শেখ হাসিনা

জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া প্রতিহিংসা নিয়ে দেশ চালিয়ে তার পুরনো প্রভু ইয়াহিয়ার অসমাপ্ত কাজ সমাপ্ত করছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2006, 02:15 PM

Updated : 26 Apr 2022, 03:25 PM

গণহত্যা, অত্যাচার - নির্যাতন, ধর্ষণ, দ্রব্যমূল্য বৃদ্ধি এবং ইতিহাস বিকৃত করে তার প্রভুদের পরাজয়ের প্রতিশোধ নিচ্ছেন। আর জোট নেত্রীর প্রতিহিংসার আগুনে জ্বলছে গোটা দেশ।

রোববার বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার কেন্দ্রীয় প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনষ্টিটিউশন মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে শেখ হাসিনা জোট সরকারের বিরুদ্ধে ইতিহাস বিকৃতির অভিযোগ এনে বলেন, প্রধানমন্ত্রী পরিকল্পিতভাবে বাংলাদেশের শিশুদের মিথ্যা ও বিকৃত ইতিহাস শেখাচ্ছেন।

শিশু কিশোরদের আদর্শ ও নীতি নিয়ে নিজেদের সোনার সন্তান হিসেবে প্রতিষ্ঠিত করার পরামর্শ দেন আওয়ামী লীগ প্রধান। তিনি বলেন, তোমরা আগামী দিনের ভবিষ্যত। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে তোমাদের একেক জনকে সোনার সন্তান হিসেবে নিজেদের প্রস্তুত করতে হবে।

শিশু কিশোরদের সামনে মহান মুক্তি সংগ্রামের বিজয়ের গৌরবময় সঠিক ইতিহাস তুলে ধরার জন্য অভিভাবক ও সচেতন দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি।

শেখ হাসিনা বলেন, মিথ্যে বিকৃত ইতিহাস সৃষ্টিকারী জোট দু:শাসনের কবল থেকে দেশ ও জাতিকে মুক্ত করতে সবাইকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।

জোট সরকারের বিরুদ্ধে দেশের অর্থ সম্পদ লুটের অভিযোগ এনে বিরোধী দলীয় নেতা বলেন, প্রধানমন্ত্রী ও তার পরিবার গত সাড়ে চার বছরে দুই হাজার কোটি টাকার সম্পদ আতœসাৎ করেছে। জিনিসের দাম বাড়িয়ে ও দুর্ণীতি করে জনগণের হাজার হাজার কোটি টাকা লুট করেছে তারা। জাতির সর্বনাশ আর মানুষের দু:খ কষ্টের জন্য প্রধানমন্ত্রীই দায়ী।

মুক্তি সংগ্রামের দীর্ঘ ইতিহাস এবং বঙ্গবন্ধুর অবদান ও ত্যাগ তিতিক্ষার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছিল বলে আওয়ামী লীগের ওপর পরাজিত শত্রুদের এতো আক্রোশ ও ক্ষোভ। জাতির জনককে সপরিবারে হত্যার পর থেকে আজও তারা হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে। প্রতিহিংসা চরিতার্থ করতে গিয়ে তারা দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। এই অপশক্তির বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধ ও সোচ্চার হতে হবে।

বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার উপদেষ্টা ও আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য জিল্লুর রহমান এমপি’র সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরী, অধ্যাপক একে আজাদ চৌধুরী, ড. দুর্গাদাস ভট্টাচার্য, প্রধান পৃষ্ঠপোষক মীর মোশাররফ হোসেন পাকবীর, সভাপতি মিয়া মনসফ, কবি রফিক আজাদ, ও সাধারণ সম্পাদক শিরিন আখতার মঞ্জু।

এর আগে শেখ হাসিনা জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করে সম্মেলন উদ্বোধন করেন। সংগঠনের ৬৪ টি জেলার সভাপতি ও সাধারণ সম্পাদকরা সংগঠনের পতাকা উত্তোলন করেন।

পরে একই মিলনায়তনে সাংগঠনিক অধিবেশন অনুষ্ঠিত হয়।