লাগাতার এক বছর বর্জনের পর রোববার সংসদে যোগ দিচ্ছে আওয়ামী লীগ
রোববার সংসদে যোগ দিচ্ছে প্রধান বিরোধী দল আওয়ামী লীগ। এর মধ্য দিয়ে আওয়ামী লীগের লাগাতার এক বছর সংসদ বর্জনের সমাপ্তি ঘটছে।
রোববার সংসদের বৈঠক শুরু হবে বিকেল সাড়ে চারটায় ।
সংসদে যোগ দেওয়ার আগে ওই দিন বিকেল চারটায় সংসদীয় দলের বৈঠক বসবে। শেখ হাসিনার সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠেয় আওয়ামী লীগ সংসদীয় দলের (এএলপিপি) এ গুরুত্বপূর্ণ সভায় দলীয় সাংসদদের করণীয় এবং প্রয়োজনীয় কর্মকৌশল নির্ধারিত হবে বলে সূত্র জানিয়েছে।
দীর্ঘ বর্জনের পর আওয়ামী লীগ সংসদে ফিরলেও প্রথম দিন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা মূখোমুখি হচ্ছেন না। রোববারই প্রধানমন্ত্রী তিন দিনের সরকারি সফরে পাকিস্তান যাচ্ছেন।
১৫ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী ফিরলে ১৬ ফেব্রুয়ারি চলতি অধিবেশনের সমাপনী দিনে দুই নেত্রীর মূখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে।
বিরোধী দলের চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহিদ শনিবার বিডিনিউজকে বলেন, আমরা রোববার সংসদে যোগ দিচ্ছি। অধিবেশনে যোগ দিয়ে সংস্কার প্রস্তাবসহ দেশের সর্বশেষ পরিস্থিতির ওপর আমাদের বক্তব্য তুলে ধরার চেষ্টা করবো।
এছাড়াও চলতি অধিবেশনের মেয়াদ বৃদ্ধিরও দাবি জানাবে আওয়ামী লীগ।
আব্দুস শহিদ জানান, প্রথা অনুযায়ী রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনার জন্য বিরোধী দল অর্ধেক সময় পায়। সেক্ষেত্রে আওয়ামী লীগের সকল সাংসদ যেন রাষ্ট্রপতির ভাষণের ওপর বক্তব্য রাখার সুযোগ পান, সেই পরিমাণ সময় আমাদের দিতে হবে।
দলীয় সূত্র বিডিনিউজকে জানায়, অধিবেশনে যোগ দিয়ে তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কারের প্রস্তাব উত্থাপন করবে বিরোধী দল। তবে বিল আকারে নয়, বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা তার বক্তব্যে এই প্রস্তাব উত্থাপন করবেন।
সরকার এতে সাড়া দিয়ে সংস্কার প্রস্তাব বাস্তবায়ন না করলে আওয়ামী লীগ সংসদ থেকে পদত্যাগ করবে।
গত ৫ ফেব্রুয়ারি লংমার্চ শেষে ঢাকার পল্টন ময়দানে অনুষ্ঠিত সমাবেশ থেকে আওয়ামী লীগ প্রধান ও সংসদে বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা সংসদে যোগ দেওয়ার ব্যাপারে সমবেত জনতার কাছ থেকে ম্যাণ্ডেট নেন।
ওই সমাবেশে সংসদে যোগ দেওয়ার কথা উল্লেখ করে তিনি ঘোষণা দেন-সংসদে গিয়ে সংস্কার প্রস্তাব উত্থাপন করবো। সরকার তা হুবহু গ্রহণ না করলে আমরা সংসদ থেকে একযোগে পদত্যাগ করে বেরিয়ে আসবো। একই সঙ্গে রাজপথের আন্দোলন অব্যাহত থাকবে বলেও ঘোষণা দেন তিনি।
এর আগে গত বছরের ১৫ জুন জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে শেখ হাসিনা ১৪ দলের পক্ষে জাতির সামনে সংস্কার প্রস্তাব উত্থাপন করেন।
বিরোধী আওয়ামী লীগ এমন এক সময় সংসদে যোগ দিচ্ছেন যখন শেখ হাসিনাসহ তার দলের বেশিরভাগ সাংসদের সদস্যপদ ঝুঁকির মুখে।
সংসদ সচিবালয় সূত্র বিডিনিউজকে জানায়, বিরোধী দলীয় নেতা শেখ হাসিনার হাতে রয়েছে আর মাত্র দু’দিন। ১৩ ফেব্রুয়ারি সোমবারের মধ্যে সংসদ অধিবেশনে যোগ না দিলে বিধি অনুযায়ী তার সদস্যপদ চলে যাবে।
নিয়ম অনুযায়ী কোনো সাংসদ স্পিকারের অনুমতি ছাড়া একটানা ৯০ দিন সংসদ অধিবেশনে অনুপস্থিত থাকলে সদস্যপদ বাতিল হয়ে যায়।
অষ্টম সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছিল আওয়ামী লীগের বর্জনের মধ্য দিয়ে। নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ ও সংসদ বাতিলের দাবিতে প্রধান বিরোধী দল শুরু থেকে সংসদে না গেলেও পরে কৌশল পরিবর্তন করে তৃতীয় অধিবেশনে তারা যোগ দেন।
গত বছরের ২৭ জানুয়ারি সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা সাংসদ শাহ্ এএমএস কিবরিয়া সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে নিহত হওয়ার পর ৩১ জানুয়ারি সর্বশেষ সংসদে গিয়েছিলেন আওয়ামী লীগ সাংসদরা। তাদের এ বর্জন টানা এক বছর অব্যাহত রেখেছেন।
