দেশে গণতন্ত্রের লেশমাত্র নেই: ডঃ কামাল
গণফোরাম সভাপতি ডঃ কামাল হোসেন বলেছেন, দেশে গণতন্ত্রের লেশমাত্র নেই এবং বর্তমান সরকারকে তিনটি বড় রোগে পেয়েছে, তা হল অহংকার, অবাস্তবতা ও দলীয়করণ।
তিনি শুক্রবার ধামরাইয়ের ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ধামরাই উপজেলা গণফোরাম আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
ডঃ কামাল হোসেন বলেন, বিশ্বায়নের এ যুগে দেশে আন্তর্জাতিক মানের শিক্ষা ব্যবস্থা নেই অথচ সরকার দেশে আন্তর্জাতিক মানের বোমাবাজ লালন করছে।
তিনি বলেন, প্রশাসন, পুলিশ, বিসিএস ক্যাডার ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগে সর্বত্র সরকার দলীয়করণ করছে।
তিনি আরও বলেন, দ্রব্যমূল্য বৃদ্ধি, বিদ্যুৎ সংকটসহ দেশের মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছে। এ সরকার দেশ চালাতে সম্পূর্ণ ব্যর্থ।
গণফোরাম সভাপতি আগামি নির্বাচনে সৎ ও যোগ্য দেশপ্রেমিক বিচার করে সংসদে প্রতিনিধি নির্বাচন করার আহবান জানান।
ধামরাইয়ের সাবেক সংসদ সদস্য ও গণফোরাম কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ আলহাজ্ব জামাল হোসেনের সভাপতিত্বে এ সমাবেশে অনেকের মধ্যে বক্তব্য রাখেন-ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, গণফোরামের সাংগঠনিক সম্পাদক মোস্তফা মহসিন মন্টু, প্রেসিডিয়াম সদস্য এ্যাডভোকেট জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবদুল কাদের প্রমুখ।
