মোহাম্মদ হানিফ মারাত্মক অসুস্থ, বারডেমের আইসিইউতে চিকিৎসা চলছে
ঢাকা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সাবেক মেয়র মোহাম্মদ হানিফকে মারাত্মক অসুস্থ অবস্থায় ঢাকার বারডেম হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি এখন হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।
বুধবার বিকেলে নগরীর মুক্তাঙ্গনে ১৪ দলের বিক্ষোভ সমাবেশে বক্তৃতা দেওয়ার সময় তিনি হৃদ রোগে আক্রান্ত হন। আশংকাজনক অবস্থায় তাকে হাসপাতালে নেয়া হয়।
সংবাদ পেয়ে জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা, দলের সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপিসহ দলের কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ হাসপাতালে ছুটে যান। তারা কর্তব্যরত চিকিৎসকদের কাছে মোহাম্মদ হানিফের অবস্থা জানতে চান এবং আশু আরোগ্য কামনা করেন।
আওয়ামী লীগের প্রচার সম্পাদক আসাদুজ্জামান নূর এমপি বারডেম হাসপাতালে বিডিনিউজকে জানান, বারডেমের আইসিইউ’তে সাবেক মেয়রকে কৃত্রিমভাবে বাঁচিয়ে (লাইফ সাপোর্ট ব্যবহার করে) রাখা হয়েছে।
মেয়রের চিকিৎসক ড. মাকসুমুল হকের উদ্ধৃতি দিয়ে আসাদুজ্জামান নূর বলেন, হার্ট অ্যাটাকের পর মহানগর আওয়ামী লীগ সভাপতির শরীরের রক্ত চলাচল ২৫ মিনিটের জন্যে বন্ধ হয়ে যায়।
চিকিৎকদের উদ্ধৃতি দিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, মেয়র হানিফের অবস্থা গুরুতর। কিছু সময়ের জন্যে তার কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র (সেন্ট্রাল নার্ভাস সিস্টেম) নিস্ক্রিয় হয়ে গিয়েছিল।
তিনি বলেন, পরবর্তী ৭২ ঘন্টার জন্যে চিকিৎসকরা সাবেক মেয়রকে নিবিড় পর্যবেক্ষণে রাখবেন। এ সময়ের আগে কিছু বলা যাচ্ছে না।
