২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিডিয়ায় দলীয় সাংসদ ও নেতাদের বক্তব্য উপস্থাপনে দুর্বলতার কঠোর সমালোচনা করলেন শেখ হাসিনা

জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ইলেকট্রনিক মিডিয়ায় দলের সাংসদ ও নেতাদের বক্তব্য উপস্থাপনে দুর্বলতার কঠোর সমালোচনা করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2006, 08:23 PM

Updated : 26 Apr 2022, 03:25 PM

বুধবার আওয়ামী লীগ সভানেত্রীর ধানমণ্ডির কার্যালয়ে অনুষ্ঠিত দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ (ওয়ার্কিং কমিটি) ও সংসদীয় দলের যৌথ সভায় এ বিষয়টি নিয়েই প্রায় দেড় ঘন্টা আলোচনা হয় বলে বৈঠক সূত্র বিডিনিউজকে জানিয়েছে।

শেখ হাসিনা বলেন, বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ায় এমপি ও নেতারা অংশ নিচ্ছেন। কিন্তু কোনো ধরণের পূর্ব প্রস্তুতি ও প্রয়োজনীয় তথ্যে সমৃদ্ধ না হয়েই এসকল অনুষ্ঠানে অংশ নিয়ে প্রকৃত অবস্থা তুলে ধরতে ব্যর্থ হচ্ছেন তারা।

তিনি বলেন, ওই সকল অনুষ্ঠানে সরকারি দলের মন্ত্রী, এমপি বা নেতারা গলাবাজি করেন। একের পর এক মিথ্যা কথা বলে যান। অথচ আমাদের নেতা বা এমপিরা তাদের উপযুক্ত জাবাব দিতে ব্যর্থ হচ্ছেন। এর কারণ কী - জানতে চান শেখ হাসিনা।

শেখ হাসিনা বলেন, আমাদের অনেক তরুণ এমপিই বরং ভালো বক্তব্য উপস্থাপন করছেন। তাদের প্রশংসা করে আগামীতে তরুণ নেতা ও এমপিদেরই গুরুত্ব দেওয়া দরকার বলেও মন্তব্য করেন তিনি।

তার এই মন্তব্য ও সমালোচনায় মনোনয়ন প্রত্যাশী অপেক্ষাকৃত তরুণ নেতা ও এমপিরা উজ্জিবিত হলেও সিনিয়ররা ম্রিয়মাণ হয়ে পড়েন।