আওয়ামী লীগ দেশকে বিদেশিদের তাবেদার বানাতে চায়: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী খালেদা জিয়া বুধবার বলেছেন, আওয়ামী লীগ ২০০১ সালের নির্বাচনে পরাজিত হয়ে একের পর এক ষড়যন্ত্র করছে।
তারা দেশ-বিদেশে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। আওয়ামী লীগ দেশকে বিদেশিদের তাবেদার রাষ্ট্রে পরিণত করতে চায়।
পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে চার দলীয় জোট আয়োজিত এক জনসভায় প্রধানমন্ত্রী একথা বলেন।
প্রধানমন্ত্রী আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বলেন, তারা দেশে সন্ত্রাস ও নৈরাজ্য কায়েম করেছিল। ১৯৯৬ সালে তারা ক্ষমতায় আসার পর জেলায় জেলায় গডফাদার তৈরি করেছিল।
তিনি বলেন, আওয়ামী লীগ ২০০১ সালে পরাজিত হয়ে একের পর এক ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। শিক্ষাঙ্গনে নকলের উৎসব তৈরি করে ছাত্রদের ধ্বংস করে দিয়েছে। তারা স্বাধীনতার পর ক্ষমতায় এসে বহুদলীয় গণতন্ত্র বাতিল করে একদলীয় শাসন কায়েম করে বাকশাল গঠন করেছিল।
বিএনপি চেয়ারপারসন বলেন, বিএনপি ক্ষমতায় আসলে দেশে উন্নয়ন হয়, শান্তি শৃঙ্খলা বজায় থাকে, স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ থাকে। আর অন্যরা ক্ষমতায় এলে দেশে গডফাদার তৈরি হয়। দেশে সন্ত্রাস, নৈরাজ্য ও বিশৃঙ্খলা বৃদ্ধি পায়।
খালেদা জিয়া পিরোজপুরের উন্নয়নের কথা উল্লেখ করে বলেন, জোট সরকার ক্ষমতায় আসার পর পিরোজপুরে ডিজিটাল টেলিফোন এক্সচেঞ্জ, জিয়া নগরে বলেশ্বর নদীতে সেতু নির্মাণ, ৫০ শয্যার হাসপাতালকে ১০০ শয্যায় উন্নীতকরাসহ ৩০০ কোটি টাকার উন্নয়ন কাজ করেছে।
তিনি বলেন, বিএনপি ক্ষমতায় না এলে পিরোজপুরে উন্নয়ন হতো না। পিরোজপুর জেলা বিএনপির দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও জেলা বিএনপির সভাপতি হুইপ সৈয়দ শহীদুল হক জামাল এমপি’র সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরও বক্তব্য রাখেন, স্বাস্থ্যমন্ত্রী ড.খন্দকার মোশাররফ হোসেন, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, যুব ও ক্রিড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমান, বারিশাল সিটি মেয়র অ্যাডভোকেট মজিবর রহমান সারোয়ার এমপি, পিরোজপুর-১ আসনের সাংসদ দেলাওয়ার হোসেন সাঈদী, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আব্দুর রশীদ খান, মোশারফ হোসেন খান মঙ্গু এমপি, ডা. রুস্তম আলী ফারাজী এমপি প্রমুখ।
