২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিরোধী দলের আপত্তি সত্ত্বেও দ্রুত বিচার আইনের মেয়াদ দু’বছর বাড়ছে

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি দ্রুত বিচার আইনের মেয়াদ আরো দু’বছর বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। তবে বিরোধী দল এ ব্যপারে আপত্তি অব্যাহত রেখেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2006, 07:41 PM

Updated : 26 Apr 2022, 03:25 PM

বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে দ্রুত বিচার বিলটি বিবেচনাকালে আওয়ামী লীগের সাংসদ মোহাম্মাদ নাসিম ও শেখ হেলাল উদ্দিন এ আপত্তি জানান। তারা এ আইনকে ‘বিরোধী দলকে নিপীড়নের আইন’ হিসেবে অভিহিত করেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, তবে সরকারি দলের সদস্যরা সংখ্যাগরিষ্ঠতায় বিলটি পাস করার সুপারিশ করলে আওয়ামী লীগ সাংসদরা বিলের ওপর নোট অব ডিসেন্ট (আপত্তি) প্রদান করেন।

বৈঠকে ১৪ দলের লংমার্চকে কেন্দ্র করে গণগ্রেপ্তার ও চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুতের দাবিতে পুলিশের গুলিতে ১০ জন নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে সরকার ও বিরোধী দলের সদস্যদের মধ্যে তীব্র বাক-বিতণ্ডা হয়।

দ্রুত বিচার বিল ২০০২ সালের ৯ এপ্রিল জাতীয় সংসদে পাস হয়। এ আইনের মেয়াদ দু’বছর পর ২০০৬ সালের ১৬ মার্চ আরো দু’বছরের জন্যে বাড়ানো হয়। এর মেয়াদ এ বছরের ৯ এপ্রিল শেষ হচ্ছে। প্রস্তাবিত বিলে আইনটির মেয়াদ ২০০৮ সালের ১০ এপ্রিল পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।

বৈঠকে গণগ্রেপ্তারের ইস্যুতে নিরীহ মানুষকে হয়রানি ও নির্যাতনের বিষয়ে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ নাসিমের সঙ্গে জামায়াতের সাংসদ এএম রিয়াছত আলী বিশ্বাসও একমত পোষণ করেন।

কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ শাজাহান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, মিজানুর রহমান মিনু, আতাউর রহমান খান প্রমুখ অংশগ্রহণ করেন।

বৈঠকে বেসরকারি নিরাপত্তা সেবা ও অ্যাসিড নিয়ন্ত্রণ (সংশোধন) নামে দু’টি বিলের বিষয়ে সকলে মতৈক্য পোষণ করেন।

বৈঠক সূত্র জানায়, বৈঠকের শুরুতে মোহাম্মাদ নাসিম ও শেখ হেলাল উদ্দিন ২১ আগস্ট বিরোধী দলী নেতা শেখ হাসিনার ওপর গ্রেনেড হামলার বিষয়ে বিচারপতি জয়নাল আবেদীনের রিপোর্ট এবং কিবরিয়া হত্যাকাণ্ডের তদন্ত কর্মকর্তাসহ তদন্ত রিপোর্ট বৈঠকে উপস্থাপন করার দাবি জানান।

মোহাম্মাদ নাসিম সম্প্রতি গণগ্রেপ্তার ও চাঁপাইনবাবগঞ্জ হত্যাকাণ্ডের বিষয়টি এজেন্ডাপ্তুক্ত করে আলোচনা করার দাবি জানান। তিনি একই সঙ্গে দ্রুত বিচার বিলের ওপর আপত্তি জানান। তিনি বলেন, এ আইনের মাধ্যমে সরকার সারা দেশে শ্বেতসন্ত্রাস চালাচ্ছে।

জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেন, দ্রুত বিচার আইনের কারণে দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে।