একমুখী শিক্ষা প্রবর্তন হলে পাবলিক পরীক্ষায় পাশের হার বৃদ্ধি পাবে
শিক্ষামন্ত্রী ড. এম ওসমান ফারুক বলেছেন, একমুখী শিক্ষাক্রমের কার্যকারিতা বর্তমান শিক্ষা বর্ষের জন্যে স্থগিত করা হয়েছে। এ শিক্ষাক্রম প্রবর্তন হলে পাবলিক পরীক্ষায় পাশের হার বৃদ্ধি পাবে।
তিনি বলেন, এটি প্রবর্তন হলে কর্মদক্ষতা বৃদ্ধি, মানসম্মত শিক্ষা এবং পরবর্তীতে উচ্চশিক্ষার জন্যে সহায়ক হবে। পাশাপাশি মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের ঝরে পড়ার হার কমে বিদ্যালয়ে উপস্থিতির হার বাড়বে।
মঙ্গলবার সংসদে জামায়াতে ইসলামীর সাংসদ দেলোয়ার হোসেন সাঈদীর এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
বিএনপি সাংসদ সৈয়দ মেহেদী হাসান রুমীর অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ১৯৯৬ সালের জুলাই থেকে এ পর্যন্ত সারাদেশে মোট ১০ হাজার ৬৭০টি কলেজ, স্কুল ও মাদ্রাসাকে এমপিওভুক্ত করা হয়েছে। এর মধ্যে সাত হাজার নয়টি স্কুল, এক হাজার ৫৭২টি কলেজ, দুই হাজার ৮৯টি মাদ্রাসা।
কাজী রফিকুল ইসলামের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দেশে এ পর্যন্ত ৫৪টি বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে।
