২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবিতে ছাত্র ইউনিয়নের বর্ণাঢ্য সম্মেলন: জঙ্গিবাদ রোখার অঙ্গীকার

ছাত্র ইউনিয়নের ৩১ তম জাতীয় সম্মেলন শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2006, 05:46 PM

Updated : 26 Apr 2022, 03:24 PM

শিক্ষাবিদ অধ্যাপক যতীন সরকার জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দুদিনব্যাপী এ সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।  রোববার টিএসসি মিলনায়তনে কাউন্সিল অধিবেশন শুরু হচ্ছে।

‘বীর বাঙালির রক্তে গড়া স্বদেশ ভূমির টানে রুখো সশস্ত্র জঙ্গি, বোমাবাজ, সাম্রাজ্যবাদ ও সাম্প্রদায়িকতা; বাঁচাও শিক্ষা ও সংস্কৃতি’-এই  শ্লোগান নিয়ে ছাত্র ইউনিয়ন বেলা ১২ টায় অপরাজেয় বাংলার পাদদেশে সম্মেলন করে।

সম্মেলন উপলক্ষ্যে সারাদেশ থেকে শত শত ছাত্র-ছাত্রী রং-বেরং এর ব্যানার ফেস্টুন নিয়ে জড়ো হয় ক্যাম্পাসে। নানা রকম শ্লোগান ও লাল পতাকা মিছিলে তারা বিশ্ববিদ্যালয়কে করে  তোলে মুখরিত। এ সব মিছিলে বিভিন্ন ছাত্র আন্দোলনের শহীদদের ছবি বহন করা হয়।

সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে অধ্যাপক যতীন সরকার বলেন, দেশে যেভাবে জঙ্গি ও সন্ত্রাস ছড়িয়ে পড়ছে, তাতে এখন শুধুমাত্র তরুণদের ওপরই ভরসা করা যায়। তারাই ইতিহাস সৃষ্টি করতে পারে।

সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি বাকী বিল্লাহ, সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক খান আসাদুজ্জামান মাসুম, জলি তালুকদার প্রমুখ।

বক্তারা বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলনের শিক্ষার্থীদের ১০ দফা আন্দোলনের উদ্দেশ ছিলো একই ধারার বিজ্ঞানভিত্তিক বৈষম্যহীন শিক্ষানীতি প্রণয়ন করা। কিন্তু সে উদ্দেশ এখনো পূরণ হয়নি।

তারা বলেন, উপরন্তু বর্তমান সরকারের আমলে একমুখি শিক্ষার নামে বাণিজ্যিক শিক্ষাক্রম প্রস্তাব করা হয়েছে। 

এরপর অপরাজেয় বাংলা থেকে বিশাল র‌্যালী মুক্তাঙ্গনে গিয়ে শেষ করে।

বিকাল সাড়ে ৫ টায় টিএসসির রাজু চত্বরে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।