সকল বাধা উপেক্ষা করে এগিয়ে আসুন, লংমার্চে বাধার পরিণাম হবে ভয়াবহ: শেখ হাসিনা
সংসদের বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, জনসমর্থনহীন সরকার ‘জনাতংকে’ ভুগছে বলেই ঢাকামুখী লং মার্চকে বিভিন্ন স্থানে বাধাগ্রস্থ করছে। সরকার লংমার্চের মতো একটি গণতান্ত্রিক কর্মসূচিতে বাধা দিতে গিয়ে অগণতান্ত্রিক ও সহিংস পথ বেছে নিয়ে পরিস্থিতিকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে।
দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সকল বাধা উপেক্ষা করে আপনারা এগিয়ে আসুন। জনগণের অধিকার আদায়ের লংমার্চকে আরো তীব্র ও গতিশীল করুন।
বিএনপি-জামাত জোট সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, হত্যা, গ্রেপ্তার নির্যাতন ও দমননীতির এই খেলা বন্ধ করুন। অন্যথায় পরিণাম হবে ভয়াবহ।
শনিবার আওয়ামী লীগ সভানেত্রীর ধানমণ্ডি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শেখ হাসিনা এসব কথা বলেন।
শেখ হাসিনা বলেন, পায়ের তলার মাটি সরে গেছে বলে নার্ভাস সরকার নিজেরাই দেশকে অচল করে দিতে চাচ্ছে। সরকার কর্তৃক অবরুদ্ধ ঢাকার পথ হোক বাংলার মানুষের মুক্তির পথ। জনতার ঐক্যবদ্ধ সংগ্রামের কাছে পরাজয় স্বীকারই হবে বিএনপি জামাত জোট সরকারের শেষ পরিণতি।
বিরোধী দলীয় নেতা বলেন, প্রশাসন ও পুলিশের কতিপয় কর্মকর্তা অতি উৎসাহী হয়ে জনগণের প্রতিপক্ষে অবতীর্ণ হয়েছেন।
প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারিদের প্রতি তিনি বলেন, আপনারা জনগণের ট্যাক্সের পয়সায় বেতন পান। এই দুর্নীতিবাজ সরকারের তাবেদারি করবেন না। কোনো দল বা ব্যক্তির ক্যাডার হওয়ার চেষ্টা করবেন না। এ ধরণের কাজ আপনাদের জন্যে শুভ ফল বয়ে আনবে না।
সংবাদ সম্মেলনে তিনি গ্রেপ্তারকৃতদের আইনি সহায়তা দিতে আইনজীবীদের প্রতি অনুরোধ জানান।
লংমার্চ রুটের জনগণের প্রতি আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সভানেত্রী বলেন, লংমার্চকারীদের পাশে দাঁড়ান। তাদের জন্যে সাহায্যের হাত বাড়িয়ে দিন। কারণ তারা লড়াই করছেন আপনার জন্যে, গণতন্ত্রের জন্যে, দেশের জন্যে।
শেখ হাসিনা বলেন, সরকার লং মার্চকে বাধাগ্রস্থ করতে গণগ্রেপ্তার চালাচ্ছে। এ পর্যন্ত প্রায় আট হাজার নেতা কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ ও ক্যাডার দিয়ে ঢাকামুখী সব পথ বন্ধ করার চেষ্টা করা হচ্ছে। হয়রানি করছে নিরীহ জনসাধারণকে।
তিনি লং মার্চ কর্মসূচিকে সর্বাত্মকভাবে সফল করে বিএনপি-জামাত জোট সরকারের প্রতি আবারো অনাস্থা প্রকাশের আহ্বান জানিয়ে বলেন, সকল বাধা অতিক্রম করে আপনারা ঢাকার পথে এগিয়ে আসুন।
আওয়ামী লীগ প্রধান বলেন, বাংলাদেশের প্রতিটি প্রান্তে লংমার্চকে কেন্দ্র করে অভূতপূর্ব গণজোয়ার সৃষ্টি হয়েছে। ১৪ দলের নেতা কর্মীরাই শুধু নয়, দল মত নির্বিশেষে সকল শ্রেণী পেশার সচেতন মানুষ লংমার্চের সঙ্গে একাত্ম হয়েছে। টেকনাফ থেকে তেতুঁলিয়া, রূপসা থেকে পাথরিয়া পর্যন্ত লাখো মানুষের গণজাগরণ প্রমাণ করে, মানুষ এই দুর্নীতিবাজ ব্যর্থ সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না।
শুক্রবার সরকারের দেওয়া প্রেসনোটের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, সরকারের কাছে আমার জিজ্ঞাসা-শান্তিপূর্ণ লংমার্চ যদি বেআইনি হয়, তাহলে নিরস্ত্র মানুষের ওপর গুলি, হামলা, বাস আটকে দেওয়া কোন্ ধরণের আইনসম্মত কার্যক্রম? জনগণকে পথ চলতে দেওয়া হবে না-এটা আইনের কোথায় আছে তা সরকারকে বলতে হবে।
লংমার্চের কারণে আন্তর্জাতিক অঙ্গনে ভাবমূর্তি নষ্ট হবে-সরকারের এ বক্তব্যের প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, বিএনপি জামাত জোট সরকারের দুঃশাসন, দুর্নীতি, সন্ত্রাস, জঙ্গিবাদের লালন, বোমা-গ্রেনেড হামলা ও সাংবাদিক হত্যা এবং মানুষের অর্থ সম্পদ লুট করে বিদেশের মাটিতে তা বজেয়াপ্ত হওয়ার মতো ঘটনা ও জোটের অপকর্মের কারণেই দেশ আজ বন্ধুহীন হয়ে পড়েছে।
তিনি বলেন, লংমার্চ নয়-বরং এই গণগ্রেপ্তার, বাধা ও হামলার ঘটনাই দেশের ভাবমূর্তিকে আরও ক্ষুণ্ন করবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম এমপি, মোহাম্মদ হানিফ, ওবায়দুল কাদের, আব্দুল মান্নান, অ্যাডভোকেট আব্দুল মান্নান খান, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ও হাজী মোহাম্মদ সেলিম।
