শেখ হাসিনার ইতিবাচক ইঙ্গিত: সংসদে ফিরছে আ. লীগ?
টানা এক বছর বর্জনের পর সংসদে ফিরছে প্রধান বিরোধী দল আওয়ামী লীগ। চলতি অধিবেশনে যে কোন একদিন সংসদে গিয়ে আবার ওয়াক আউট করে বেরিয়ে আসতে পারেন আওয়ামী লীগ সাংসদরা।
তবে সবকিছু নির্ভর করছে রোববারের ঢাকা লংমার্চ কর্মসূচির ফলাফলের ওপর।
সংশ্লিষ্ট সূত্র বিডিনিউজকে জানিয়েছে, লংমার্চ শেষ হওয়ার পর আওয়ামী লীগ সংসদীয় দলের (এএলপিপি) সভা থেকে সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।
জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা শনিবার এক সংবাদ সম্মেলনে সাংবাদিকেদের প্রশ্নের জবাবে ইতিবাচক ইঙ্গিত দিয়ে বলেছেন, সংসদে যাবো না কেন? আমরা তো বরাবরই সংসদে যেতে চাই। কিন্তু সরকার আমাদের কথা বলতে দেয় না। সংসদে বিরোধী দলীয় নেতা হওয়া সত্ত্বেও ৭৩ বার আমার মাইক বন্ধ করে দেওয়া হয়েছে।
সংসদ থেকে পদত্যাগ করে অসহযোগে যাবেন কী না-প্রশ্নের সরাসরি জবাব না দিয়ে তিনি বলেন, সময় এলেই জানাবো।
আগামী ১৩ ফেব্রুয়ারির মধ্যে সংসদে যোগ না দিলে সদস্যপদ হারাবেন শেখ হাসিনা। আওয়ামী লীগ দলীয় অর্ধশতাধিক সাংসদের সদস্যপদও এখন ঝুঁকির মুখে।
সংবিধান অনুযায়ী স্পিকারের অনুমতি ছাড়া টানা ৯০ কার্যদিবস সংসদে অনুপস্থিত থাকলে সংশ্লিষ্ট সাংসদকে তার সদস্যপদ হারাতে হয়।
