১০১ শিক্ষক-কর্মচারিকে বকেয়া বেতন, ঈদ বোনাস প্রদানে সরকারকে হাইকোর্টের নির্দেশ
হাইকোর্ট বৃহস্পতিবার ৪১টি বেসরকারি কলেজের ১০১ জন শিক্ষক-কর্মচারিকে তাদের বকেয়া বেতন ও ঈদ বোনাস দেওয়ার জন্যে সরকারকে নির্দেশ দিয়েছেন।
এর আগে হাইকোর্ট ৩০৮ জন বেসরকারি কলেজ শিক্ষক-কর্মচারিকে তাদের বকেয়া বেতন প্রদানের নির্দেশ দেন।
রাজশাহীর কেশারহাট ডিগ্রী কলেজসহ ৪১টি কলেজের ১০১ জন শিক্ষক-কর্মচারির দায়ের করা একটি রিট পিটিশনের শুনানি শেষে বিচারপতি এমএ মতিন ও বিচারপতি এটিএম ফজলে কবির সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ এ রায় দেন। আদালত একই সাথে আবেদনকারীদের বেতন বন্ধ রাখাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানিয়ে সরকারের প্রতি একটি কারণ দর্শানো রুল জারি করেন।
রুলে শিক্ষা সচিব, শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ও সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাদেরকে বিবাদী হিসেবে উল্লেখ করা হয়েছে।
আবেদনকারীদের পক্ষে আদালতে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট এবিএম নুরুল ইসলাম। তাকে সহযোগিতা করেন গিয়াসউদ্দিন আহমেদ ও অ্যাডভোকেট আফিফা খাতুন।
