২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পটুয়াখালীতে বাণিজ্যমন্ত্রীর অনুষ্ঠানে ৩ জন লাঞ্ছিত, বিএনপির মিছিলে যুবদলের হামলা

বাণিজ্যমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর উপস্থিতিতেই পটুয়াখালীর দুমকী উপজেলায় যুবদল সভাপতির নেতৃত্বে এক হামলায় বিএনপি নেতাসহ তিন ব্যক্তি লাঞ্ছিত এবং উভয় পক্ষের কমপক্ষে ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন।

পটুয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2006, 09:34 PM

Updated : 26 Apr 2022, 03:24 PM

বৃহস্পতিবার বিকেল ৩টায় উপজেলার মুসলিম পাড়ায় একটি বেসরকারি রেজিস্ট্রার স্কুলের উদ্বোধনী অনুষ্ঠানের প্রাক্কালে এ হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও বিএনপি নেতারা জানান, স্কুলের উদ্বোধনী অনুষ্ঠানে যোগদানের লক্ষ্যে বিএনপির একটি মিছিল স্থানীয় নসিব সিনেমা হলের সামনে উপস্থিত হলে যুবদল সভাপতি সাইফুল ইসলাম মৃধার নেতৃত্বে যুবদল ক্যাডাররা মিছিলে হামলা চালায়। এতে বিএনপি নেতা আবুল বাসার ফরাজী, যুবদল সহসভাপতি হুমায়ুন কবির, যুবদল নেতা মনির মল্লিক ও শাহিনসহ ১০ জন আহত হয়।

পরে উদ্বোধনী সভা চলাকালে যুবদল সভাপতি সাইফুল ইসলাম উপজেলা বিএনপি সভাপতি অধ্যাপক বাহাউদ্দিন বাহার, আঙ্গারিয়া ইউপি মেয়ারম্যান সৈয়দ গোলাম মুর্তজা শুকুর ও যুবদল নেতা মাসুদকে লাঞ্ছিত করে।