সিইসির বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনার দাবি জানিয়েছে এসএএসপি
সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ (এসএএসপি) নেতারা সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারকদের কাছে বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনার দাবি জানিয়েছেন।
এসএএসপি নেতা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (এসএএসপি) সাধারণ সম্পাদক অ্যাড. ইনায়েতুর রহিম বলেন, বিচারপতি এমএ আজিজ জনসমক্ষে বলেছেন, তিনি হাইকোর্টের রায় মানতে বাধ্য, কিন্তু হাইকোর্টের নির্দেশনা মানতে বাধ্য নন। তার এ মন্তব্যে জাতির এবং দেশের বিচারক ও বিচারবিভাগের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের প্রত্যেক বিচারকের উচিত বিচারপতি এমএ আজিজের বিরুদ্ধে স্যুয়োমোটো জারি করা।
সিইসি বিচারপতি এমএ আজিজ এবং নবনিযুক্ত বিতর্কিত অন্য দুই নির্বাচন কমিশনার বিচারপতি মাহফুজুর রহমান ও সম জাকারিয়ার অপসারেণর দাবিতে এসএএসপি’র সাপ্তাহিক মানববন্ধন কর্মসূচি শেষে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণের সমাবেশে তিনি বক্তব্য রাখেন।
জুডিশিয়াল কাউন্সিলের গঠনের মাধ্যমে সিইসি’র অপসারণের দাবি জানিয়ে তিনি বলেন, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবর অনুসারে আমরা জানতে পেরেছি সিইসি দায়িত্ব পালনে শারীরিকভাবে সক্ষম, কিন্তু তারপরও তিনি অসুস্থতার ভান করে নাটক সাজিয়েছেন।
এসএএসপি’র আহ্বায়ক ব্যারিস্টার এম আমির-উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন অ্যাড. মাহবুবে আলম, সাবেক এসসিবিএ সভাপতি অ্যাড. আব্দুল বাসেত মজুমদার, এসএএসপি সদস্যসচিব অ্যাড. সুব্রত চৌধুরী, অ্যাড. আব্দুল মতিন খসরু, অ্যাড. এমএ মান্নান, অ্যাড শহীদুল ইসলাম, ব্যারিস্টার তানিয়া আমির, অ্যাড. মোহাম্মদ সেলিম এবং অ্যাড. আজাহারুল্লা ভূইয়া।
