২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশের বিরুদ্ধে বিদেশে যারা কথা বলে, জনগণই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, কোনো দেশপ্রেমিক মানুষ বা নেতা দেশের বাইরে গিয়ে দেশের বিরুদ্ধে কথা বলতে পারে না। এসব যারা করে, তাদের বিরুদ্ধে সরকারের কোনো ব্যবস্থা নেয়ার প্রয়োজন পড়ে না। দেশের জনগণই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2006, 07:48 PM

Updated : 26 Apr 2022, 03:23 PM

সংসদের অধিবেশনে বুধবার প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে স্বতন্ত্র সাংসদ এমএম শাহীনের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সাংসদ মোহাম্মাদ আলী জিন্নাহর আরেক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, সরকার বোমাবাজদের মোকাবিলায় সন্ত্রাসীদের গ্রেপ্তার, তাদের নেটওয়ার্ক ভেঙে দেওয়া, গ্রেপ্তারকৃতদের বিচার ও তাদের শাস্তি নিশ্চিত করাসহ চারটি সন্ত্রাসবাদী সংগঠনকে নিষিদ্ধ  ঘোষণা করেছে। ২০ জানুয়ারি পর্যন্ত ৩৬১ জন বোমা-সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি বলেন, সন্ত্রাসী যে দলেরই হোক, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তাদের মদদদাতা ও গডফাদারদেরও গ্রেপ্তার, বিচার ও শাস্তির ব্যবস্থা করা হবে।

সাংসদ মোয়াজ্জেম হোসেন আলালের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি বলেন, আতœঘাতী বোমাবাজদের আস্তানা থেকে উদ্ধার করা অস্ত্র ও বিস্ফোরকগুলো পরীক্ষা করে দেখা হচ্ছে। এগুলো যে দেশেরই হোক, যোগান বন্ধের প্রয়োজনে সে দেশের সঙ্গেও যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আলোচনা করা হবে।

প্রধানমন্ত্রী জানান, সন্ত্রাস দমনে ১৭টি নতুন থানা, ২০টি তদন্ত কেন্দ্র ও ১৬টি পুলিশ ফাঁড়ি স্থাপন এবং মামলার দ্রুত তদন্তের জন্যে ৩০০টি থানার পৃথক তদন্ত ইউনিট গঠন করা হয়েছে।

আলা আসগর লবির এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর দেশের দেশের ৬৪টি জেলা ও ১৮৯ টি উপজেলায় ডিজিটাল টেলিফোন এক্সচেঞ্জ স্থাপন করা হয়েছে। আগের সরকারের সময় এর পরিমাণ ছিলো ৪৯টি জেলায়।

তিনি জানান, একই সময় সরকার বিটিটিবি’র টেলিফোন ধারণ ক্ষমতা ছয় লাখ ৮৫ হাজার ৪০০ থেকে বাড়িয়ে ১২ লাখ ১৯ হাজার ১৭৮-এ উন্নীত করা হয়েছে।

তিনি আরো জানান, জোট সরকার ক্ষমতা গ্রহণের সময় দেশের মাত্র এক দশমিক তিন শতাংশ লোক টিঅ্যান্ডটিসহ মোবাইল ফোন ব্যবহারের সুযোগ পাচ্ছিল। বর্তমান সরকার ফোন ব্যবহারের সংখ্যা ৫ দশমিক ৭ শতাংশে উন্নীত করেছে।

খালেদা জিয়া জানান, অপটিক্যাল ফাইবার স্থাপন করার কাজ মার্চের মধ্যে শেষ হবে। এর ফলে সাবমেরিন কেবলের মাধ্যমে দেশের মানুষ বিশ্বের সব দেশের সাথে দ্রুত সংযোগ স্থাপন ও কম খরচে কথা বলতে পারবে। মার্চের পর দেশের মানুষ সাবমেরিন কেবলের শতভাগ সুবিধা ভোগ করতে পারবে।

এমএম শাহীনের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি বলেন, টেলিটক মোবাইল ফোনের কলচার্জ অনেক কমানো হয়েছে। ভবিষ্যতে আরো কমানো হবে।