মাঠ পর্যায়ে সফর শুরু করেছেন উপদেষ্টা সফিক
নির্বাচনের প্রস্তুতি কাজ তত্ত্বাবধান ও দেখতে মাঠ পর্যায়ে সফর শুরু করেছেন উপদেষ্টা সফিকুল হক চৌধুরী।
শুক্রবার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে টেলিফোনে তিনি বলেন, “আজ (শুক্রবার) কক্সবাজার জেলা সফরের মধ্য দিয়ে মাঠ পর্যায়ে তদারকি শুরু করতে যাচ্ছি। পর্যায়ক্রমে আমি হবিগঞ্জ, চাঁদপুর ও কুমিল্লায় যাব।”
তিনি আর বলেন, “নির্বাচনের সার্বিক প্রক্রিয়া সুষ্ঠুভাবে এগুচ্ছে কিনা তা আমি স্বশরীরে উপস্থিত থেকে পর্যবেক্ষণ করবো। নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাজে কোনো অনিয়ম ধরা পড়লে অথবা সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে তত্ত্বাবধায়ক সরকারের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হবে।”
এক প্রশ্নের উত্তরে সফিকুল বলেন, মনোনয়নপত্র বাছাই ও বাতিল সংক্রান্ত কাজও পর্যবেক্ষণ করবেন উপদেষ্টারা। এক্ষেত্রে রিটার্নিং অফিসারের ভূমিকাও তাদের নজরে থাকবে।
উপদেষ্টা জানান, “বৃহস্পতিবার অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে মাঠ পর্যায়ে সফরের ব্যাপারে বিস্তারিত আলোচনা হয়েছে। অন্য উপদেষ্টারাও শিগগিরই এ সফর শুরু করবেন।”
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, উপদেষ্টাদের মাঠ পর্যায়ে সফরের বিস্তারিত সূচি তৈরি করতে বৃহস্পতিবারের বৈঠক থেকে মন্ত্রিপরিষদ সচিবকে দায়িত্ব দেওয়া হয়। শুক্রবার অথবা শনিবারের মধ্যে সফরসূচি চূড়ান্ত করা হবে। এরপরই অন্য উপদেষ্টারা জেলা ও উপজেলায় সফর শুরু করবেন।
সফরকালে উপদেষ্টারা সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।
এছাড়া, রাজনৈতিক দলগুলোর স্থানীয় নেতা, প্রার্থীসহ সমাজের বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে কথা বলে নির্বাচন সংক্রান্ত সমস্যার কথা শুনবেন উপদেষ্টারা।
