২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনের জন্য প্রস্তুতি নেই টেলিযোগাযোগ অফিসের

নির্বাচনের দিন ভোট সংক্রান্ত তথ্য আদান-প্রদান নিশ্চিত করতে এখন পর্যন্ত কোনো প্রস্তুতি নেয়নি বাংলাদেশ তার ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2006, 08:40 PM

Updated : 26 Apr 2022, 04:11 PM

জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রতিবার দেশব্যাপী টেলিযোগাযোগ ব্যবস্থা স্থাপনে যে উদ্যোগ নেওয়া হয় এবার সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত টিএন্ডটি মন্ত্রণালয়কে এরকম কোনো নির্দেশ দেওয়া হয়নি।

নির্বাচনের আগে আগামী ২১ জানুয়ারি পর্যন্ত সরকারের হাতে ১৩ কার্যদিবস রয়েছে। এ সময়ের মধ্যে এ নেটওয়ার্ক স্থাপন সম্ভব কিনা তা নিয়ে সংশ্লিষ্টরা সংশয় প্রকাশ করেছেন।

ভোট গ্রহণের দিন সারা দেশে মোবাইল নেটওয়ার্ক বন্ধ রাখার বিষয়েও সরকার এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেয়নি।

অবশ্য দেশের ২৪টি নতুন উপজেলায় সরকারী এবং বেসরকারী যৌথ উদ্যোগে টেলিফোন লাইন স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। শুধু ভোটের দিন প্রতি উপজেলায় পাঁচটি করে লাইন দেয়া হবে। এর আওতায় ল্যান্ড ফোন এবং ওয়্যারলেস সেট দু’ধরনের ব্যবস্থাই থাকবে।

টিএন্ডটি মন্ত্রণালয়ের সচিব মিয়া মুশতাক আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,“নির্বাচন উপলক্ষে দেশব্যাপী টেলিযোগাযোগ ব্যবস্থা স্থাপনের জন্য এখন পর্যন্ত তারা সরকারী নির্দেশ পাননি।”

তিনি বলেন, “২৪টি নতুন উপজেলায় টিএন্ডটির নেট্ওয়ার্ক বা কোন ধরনের এক্সচেঞ্জ নেই। নির্বাচন উপলক্ষে এসব স্থানে সরকারী এবং প্রাইভেট অপারেটর মিলে টেলিফোন লাইন স্থাপনের সিদ্ধান্ত নেওয়া

হয়েছে।”

মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, ভোট গ্রহনের দিন সারা দেশের সঙ্গে যোগযোগ এবং ভোটের ফল জানাতে নির্বাচন কমিশনে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়ে থাকে। এছাড়া দেশের প্রতিটি জেলা-উপজেলার সঙ্গে ঢাকার টেলিযোগযোগ ব্যবস্থা স্থাপন এবং তা নির্বিঘ্ন রাখার জন্য বিশেষ উদ্যোগ নেয়া হয়। সরকারের নির্দেশে এসব কাজ টেলিযোগাযোগ মন্ত্রণালয় করে থাকে। এধরনের নেটওয়ার্ক স্থাপন জরুরি ও সংবেদনশীল হওয়ার কারণে কাজটি সময়সাপেক্ষ।

এসব কাজগুলো সম্পন্ন করতে এখনও কোনো নির্দেশ পায়নি সংশ্লিষ্ট মন্ত্রণালয়। অথচ ভোট গ্রহনের দিন পর্যন্ত হাতে সময় রয়েছে আর মাত্র ২৫ দিন। এর মধ্যে ঈদ ও সাপ্তাহিক ছুটি বাদ দিলে কার্যদিবস থাকে ১৩টি।

টিএন্ড টি মন্ত্রনালয় সূত্রে জানা গেছে, দেশের ২৪টি নতুন উপজেলা, তিন পাবর্ত্য জেলার অধীন উপজেলা সমূহ এবং দ্বীপ এলাকা গুলোতে টেলিযোগাযোগের তেমন কোন ব্যবস্থা নেই। তিন পার্বত্য জেলার জেলা সদরে সরকারী টেলিফোন রয়েছে। কিন্ত উপজেলাগুলোতে নেই। দ্বীপ এলাকা বিশেষ করে সন্দ্বীপ,হাতিয়ার মত এলাকায় নেটওয়ার্ক সমস্যা প্রকট। অথচ এসব এলাকায় ভোট গ্রহণ করা হবে এবং ভোটের তথ্য আদান প্রদান করতে হবে। ভোট গ্রহণ সংক্রান্ত তথ্য আনা নেওয়ার জন্য টেলিনেটওয়ার্ক স্থাপন করার সরকারী সিদ্ধান্ত রয়েছে। কিন্ত সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য এখন পর্যন্ত কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।

ভোট গ্রহণের দিন সারা দেশের মোবাইল নেটওয়ার্ক বন্ধ রাখার দাবি জানানো হয়েছে মাঠ প্রশাসন থেকে। বিষয়টি নিয়ে উপদেষ্টাদের সঙ্গে সরকারী কর্মকর্তাদের বৈঠকে আলোচনা হয়েছে। কর্মকর্তা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে মোবাইল নেটওয়ার্ক এবং ব্যাক্তিগত ওয়্যারলেস সেটের জন্য বরাদ্দকৃত ফ্রিকোয়েন্সি বন্ধ রাখার অনুরোধ জানান। এবিষয়েও এখন পর্যন্ত কোন সিদ্ধান্ত হয়নি বলে জানা গেছে।

মন্ত্রণালয়ের সচিব মিয়া মুশতাক আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,“ বর্তমানে দেশের সকল জেলা এবং অধিকাংশ উপজেলায় ডিজিটাল টেলিফোন এক্সচেঞ্জ রয়েছে। কাজেই এবার সমস্যা অনেক কম হবে”।

“আর তিন পার্বত্য জেলার উপজেলা এবং দ্বীপ এলাকা গুলোতে টেলিযোগযোগ ব্যবস্থা স্থাপনের জন্য বিশেষ ব্যবস্থা নেয়া হবে বলে তিনি উল্লেখ করেন”।