২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মনোনয়ন নিয়ে দুই জোটে বিদ্রোহ

শরিক দলগুলোকে জোটে ধরে রাখতে ‘আসন সমঝোতা’ করতে গিয়ে প্রবল কোন্দলের মুখে পড়েছে দেশের প্রধান দুই রাজনৈতিক শিবির। শরিকদের সঙ্গে আসন ভাগাভাগি ছাড়াও একই আসনে একাধিক মনোনয়ন প্রার্থীতা বিপাকে ফেলে দিয়েছে আওয়ামী লীগ-বিএনপি উভয় দলকেই।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2006, 01:39 AM

Updated : 26 Apr 2022, 04:11 PM

এসব নিয়ে ক্ষোভ-বিক্ষোভ, ভাংচুর, হরতাল ডাকা ও গণপদত্যাগের হুমকি দু’দলের তৃণমূলের রাজনীতি উত্তপ্ত করে তুলেছে।

ঢাকায় শেখ হাসিনার বাসভবন সুধাসদনের সামনে মঙ্গলবার দিনভর বিক্ষোভ করেছেন মনোনয়ন ‘বঞ্চিত’ ও তাদের সমর্থকরা।

যাত্রাবাড়ি ও সায়েদাবাদে মনোনয়ন ‘বঞ্চিত’ বিএনপি নেতা নবী সমর্থকরা কমপক্ষে ৩০ টি গাড়ি ভাংচুর ও একটি গাড়ি জ্বালিয়ে দিয়েছে।

হবিগঞ্জের চুনারুঘাটে স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা বুধবার আধাবেলা হরতাল ডেকেছে।

রাজশাহীতে ‘মহাজোট’ প্রার্থীর সমর্থকদের সঙ্গে বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সংঘর্ষের পর বিদ্রোহীরা চারঘাট উপজেলায় বুধবার আধাবেলা হরতাল ডেকেছে।

যশোরের মনিরামপুরে বিএনপির বিক্ষুব্ধ কর্মীরা মঙ্গলবার রাত ৮ টায় ৪ দল থেকে মনোনয়ন পাওয়া মুফতি ওয়াক্কাসের ছেলে হুসাইনকে মারধর করে তার গাড়ি জ্বালিয়ে দিয়েছে।

সুধা সদনের সামনে বিক্ষোভ:

১৪ দলের মনোনয়ন প্রক্রিয়া চূড়ান্ত করার পর সুধাসদনের সামনে মঙ্গলবার দিনভর বিক্ষোভ প্রদর্শন করেছেন মনোনয়ন ‘বঞ্চিত’রা।

পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

সকালের দিকে সুধা সদনের সামনে নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে মনোনয়ন প্রত্যাশী ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবুর নেতৃত্বে শতাধিক সমর্থক বিক্ষোভ করে।

বেলা সাড়ে ১২টা থেকে সুধা সদনের সামনে বিক্ষোভ করে কুমিল্লা-৩ আসনে মনোনয়ন ‘বঞ্চিত’ ইউসুফ আবদুল্লাহ হারুনের কর্মী সমর্থকরা।

মুরাদনগর উপজেলা আওয়ামী লীগ সভাপতি হারুন অর রশীদ ও কুমিল্লা (উত্তর) জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি হানিফ সরকারের নেতৃত্বে কয়েক’শ নেতা-কর্মী ইউসুফ আব্দুল্লাহর মনোনয়নের দাবিতে বিভিন্ন শ্লোগানসহ বিক্ষোভ প্রদর্শন করেন।

সমর্থকরা ইউসুফ আবদুল্লাহ হারুনকে মনোনয়ন দেওয়া না হলে আগামী ২৮ ডিসেম্বর থেকে সুধা সদনের সামনে অবস্থান নিয়ে আমরণ অনশন কর্মসূচির ঘোষণা দিলেও দুপুরে হাসিনার সঙ্গে সাক্ষাৎ শেষে তা প্রত্যাহার করে নেওয়া হয়।

যাত্রাবাড়ি ও সায়েদাবাদে নবী সমর্থকদের তাণ্ডব:

মনোনয়ন না মেলায় বিএনপি নেতা নবী উল্লা নবীর সমর্থকরা মঙ্গলবার বিকেলে যাত্রাবাড়ি ও সায়েদাবাদ এলাকায় দু’দফায় কমপক্ষে ৩০টি যানবাহন ভাংচুর করে ও একটি বাস পুড়িয়ে দেয়।

তারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কও অবরোধ করে। ফলে প্রায় তিন ঘন্টা ধরে যান চলাচল বন্ধ থাকে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নবীর কয়েকশ’ সমর্থক বিকেল তিনটার দিকে শনির আখড়া, যাত্রাবাড়ী ও সায়েদাবাদে অবরোধ সৃষ্টি করে। এক পর্যায়ে তারা যানবাহন ভাংচুর শুরু করে এবং ঢাকা আদমজী রুটের একটি বাসে আগুন দেয়।

নবী ঢাকা-৪ আসনে মনোনয়ন চেয়েছিলেন। এ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন সাবেক সাংসদ সালাউদ্দিন আহম্মেদ।

ঢাকার চার আসনে ‘মহাজোট’ এর বিদ্রোহী প্রার্থী:

মঙ্গলবার ঢাকা মহানগরের আটটি আসনের মধ্যে অন্তত চারটি আসনে বিদ্রোহী প্রার্থীরা প্রকাশ্যে তাদের অসন্তোষ জানিয়ে ‘মহাজোট’ এর সিদ্ধান্তের বিপক্ষে সরব ভূমিকা নেয়।

ঢাকা-৫ অর্থাৎ গুলশান-ক্যান্টনমেন্ট-উত্তরা আসনে ‘মহাজোট’ এবার মনোনয়ন দিয়েছে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদকে। এ আসনে আওয়ামী লীগ নেতা সাহারা খাতুন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

ঢাকা-১০ অর্থাৎ তেজগাঁও-রমনা আসনে ‘মহাজোট’ এর মনোনয়ন পেয়েছেন এলডিপির মহাসচিব আবদুল মান্নান। গত নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ডা. এইচ বি এম ইকবাল এ আসনের জন্য স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

ঢাকা-৪ অর্থাৎ ডেমরা-সবুজবাগে আসনে ‘মহাজোট’ জাতীয় পার্টির আবু হোসেন বাবলাকে মনোনয়ন দিয়েছে। এ আসনে আওয়ামী লীগের গতবারের প্রার্থী হাবিবুর রহমান মোল্লাও মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

ঢাকা-১১ মিরপুর ও পল্লবী আসন থেকে মনোনয়ন পেয়েছেন কামাল আহমেদ মজুমদার। এ আসনেই আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ইলিয়াস মোল্লা মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এসময় তিনি বলেন, “দল কাকে মনোনয়ন দিয়েছে জানি না। তবে শেষ পর্যন্ত দলের সিদ্ধান্ত মেনে নেবো।”

শরিক ‘মৌসুমী’ দলগুলোকে ভোট দেবে না ১১দল:

আওয়ামী লীগের নেতৃত্বাধীন ‘মহাজোট’ভুক্ত সব দলের প্রার্থীদের পক্ষে কাজ করবে না ১১ দল। এমনকি তাদের প্রার্থীদের আগামী নির্বাচনে ভোটও দেবে না ১১ দলের নেতাকর্মীরা।

মঙ্গলবার বিকেলে ওয়ার্কার্স পার্টির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে খেলাফত মজলিসের সঙ্গে আওয়ামী লীগের সমঝোতার কড়া সমালোচনা করে ১১ দলের সমন্বয়ক বিমল বিশ্বাস বলেছেন, দলগুলো অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক ধারা প্রতিষ্ঠায় ২৩ দফার আন্দোলনে শরিক ছিল না।।

সংবাদ সম্মেলনে ইসলামী ঐক্যজোটের একাংশের সঙ্গে আওয়ামী লীগের স্বাক্ষরিত সমঝোতা স্মারক বাতিল করার আহ্বান জানানো হয়।

অষ্টম সংসদের ৬ আ. লীগ সাংসদ মনোনয়ন পাননি:

সদ্য সমাপ্ত সংসদের আওয়ামী লীগ দলীয় ছয় সাংসদ ড. হামিদা বানু শোভা, মোঃ লুৎফর রহমান, পঞ্চানন বিশ্বাস, ড. আলাউদ্দিন আহম্মেদ, দেওয়ান ফরিদ গাজী এবং নজমুল হাসান জাহেদ এবার দলের মনোনয়ন পাননি ।

বিদ্রোহী প্রার্থী অনেক:

গাজীপুর-১ (শ্রীপুর-কালিয়াকৈর) আসনে আওয়ামী লীগের তিন বিদ্রোহী প্রার্থী এবং গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনে বিএনপির সাত বিদ্রোহী প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

মুন্সীগঞ্জ-১ আসনে উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুকুমার রঞ্জন ঘোষ দলের সিদ্ধান্তের বিরুদ্ধে মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

মনোনয়ন না দেওয়ার প্রতিবাদে তার কর্মীরা শ্রীনগর ছনবাড়ি এলাকায় অবরোধ সৃষ্টি করে। এতে বেলা ১টা পর্যন্ত প্রায় ২ ঘন্টা ব্যস্ততম মহাসড়কটি অচল হয়ে পড়ে। সৃষ্টি হয় ভয়াবহ যানজটের।

মুন্সীগঞ্জ-৩ আসনে মনোনয়ন পত্র জমা দিয়েছেন গত সংসংদ নির্বাচনের আওয়ামী লীগ প্রার্থী মাহবুবউদ্দিন আহমেদ বীর বিক্রম ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি জগলুল হালদার ভুতু। এদের কেউই দলের মনোনয়ন পাননি।

চুনারুঘাটে বুধবার হরতাল, বানিয়াচংয়ে ১৪৪ ধারা:

হবিগঞ্জের চুনারুঘাট এলাকায় স্থানীয় বিএনপি বুধবার আধাবেলা হরতাল ডেকেছে।

হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে জেলা বিএনপি’র সভাপতি সৈয়দ মো. ফয়সালকে বাদ দিয়ে ইসলামী ঐক্যজোট (ইসহাক) এর আহমদ আব্দুল কাদির বাচ্চুকে ৪ দলের মনোনয়ন দেওয়ায় এ হরতালের ডাক দিয়েছে তার সমর্থকরা।

মঙ্গলবার দুপুরে চুনারুঘাট থানা বিএনপি’র এক বিক্ষোভ মিছিল শেষে জনসভায় উপজেলা বিএনপি সভাপতি সৈয়দ লিয়াকত হাসান এ ঘোষণা দেন।

বক্তারা বলেন, ফয়সালকে এ আসন থেকে মনোনয়ন না দেওয়া হলে হরতাল অবরোধসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। প্রয়োজনে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করা হবে।

হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে বিএনপির দু’পক্ষ একই স্থানে সভা ডাকায় প্রশাসন বানিয়াচং বাজারের আশপাশের ২শ’ গজের মধ্যে ১৪৪ ধারা জারি করেছে।

মুফতি ওয়াক্কাসের ছেলের গাড়িতে আগুন:

মনিরামপুরে বিএনপির বিক্ষুব্ধ কর্মীরা মঙ্গলবার রাত ৮ টায় ৪ দল থেকে মনোনয়ন পাওয়া মুফতি ওয়াক্কাসের ছেলে হুসাইনকে মারধর করে তার গাড়ি জ্বালিয়ে দিয়েছে।

গাড়ির চালককেও মারধর করা হয়েছে। ফায়ার সার্ভিসের লোকজন সেখানে পৌঁছার আগে গাড়িটি পুড়ে যায়।

মুফতি ওয়াক্কাস যশোর-৪ আসনে ৪ দলীয় জোটের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ কারণে বিএনপির নেতাকর্মীরা তার ওপরে ক্ষুব্ধ।

উপজেলা বিএনপি মঙ্গলবার সকালে এক সভায় ঘোষণা দেয় মুফতি ওয়াক্কাসকে যেখানে পাওয়া যাবে সেখানেই প্রতিরোধ করা হবে।

রাজশাহীতে জটিলতা অনেক:

মঙ্গলবার বিকেলে ‘মহাজোট’ এর প্রার্থী মহানগর আওয়ামীলীগের এইচএম খায়রুজ্জামান লিটন ও বিদ্রোহী প্রার্থী সাবেক সাংসদ রায়হান আলীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সংঘর্ষের ঘটনায় পুলিশসহ ৫ জন আহত হয়েছে বলে পুলিশ ও দলীয় সূত্রে জানা গেছে। গুরুতর আহতরা হলেন, মোঃ আকুল আলী, মোঃ জামাত আলী, সুমন আলী ও বাঘা থানার এস আই আহাদ আলী।

জানা গেছে, এইচএম খায়রুজ্জামান লিটন দলীয় নেতা-কর্মীদের নিয়ে মনোনয়ন পত্র জমা দিতে গিয়ে বাঘা সদরে যান। বিদ্রোহী প্রার্থী রায়হানের সমর্থকরাও সেখানে আগে থেকেই উপস্থিত ছিল। মনোনয়ন পত্র জমা দেওয়ার বিষয়ে কথা কাটাাটির এক পর্যায়ে রায়হানের সমর্থকদের সাথে লিটনের সমর্থকদের সংঘর্ষ বাঁধে।

৪ দলীয় জোটে প্রার্থী মনোনয়নকে কেন্দ্র করে জেলা বিএনপিতে চরম কোন্দল দেখা দিয়েছে।

রাজশাহী-২ (পবা-বোয়ালিয়া) আসনে রাজশাহীর সিটি মেয়র মিজানুর রহমান মিনু গত রোববার মনোনয়নপত্র জমা দিয়েছেন। একই আসনে এলডিপি থেকে ফেরত আসা বিএনপির সাবেক সাংসদ অ্যাডভোকেট কবির হোসেনও মনোনয়নপত্র জমা দিয়েছেন। মহানগর জামায়াতের আমীর আতাউর রহমান জোট থেকে মনোনয়ন লাভের আশায় মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

৪ দলীয় জোট থেকে রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ব্যারিষ্টার আমিনুল হক। তার বিরোধিতা করে এই আসনে বিএনপি থেকে মনোনয়ন চেয়েছেন জেলা যুব দলের সাবেক সাধারণ সম্পাদক সাইদুর রহমান মার্কনী। জামায়াতের মজিবুর রহমানও জোটের প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন। দল নির্ধারিত প্রার্থীর বিরোধিতা করে স্থানীয় আওয়ামীলীগ নেতা প্রকৌশলী শফিকুল ইসলাম মঙ্গলবার বেলা পৌনে ২ টায় গোদাগাড়ী নির্বাচন অফিসে মনোনয়ন পত্র জমা দেন।

রাজশাহী-৩ (বাগমারা-মোহনপুর) আসনে ৪ দলীয় জোটের প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন এলডিপি থেকে ফেরত আসা সাবেক বিএনপি সাংসদ আবু হেনা, তার মনোনয়নের বিরেধিতা করে বাগমারা উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল গফুর, জেলা জামায়াতের নায়েবে আমীর আব্দুল আহাদ মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

রাজশাহী-৪ (পুঠিয়া-দূর্গাপুর) আসনে মনোনয়ন পত্র জমা দিয়েছেন সাবেক সাংসদ নাদিম মোস্তফা। নাদিম মোস্তফার বিরোধিতা করে ‘বিএনপি রক্ষা কমিটির’ ৫ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। নাদিম মোস্তফার বিরোধী মনোনয়ন জমাদানকারীরা হলেন, জেলা বিএনপির প্রচার সম্পাদক মিজানুর রহমান, জেলা কৃষক দলের সভাপতি ও ভালুকগাছি ইউনিয়নের চেয়ারম্যান ওয়ায়েজুল ইসলাম বাচ্চু, জেলা কৃষক দলের অর্থ সম্পাদক ও বানেশ্বর ইউনিয়ন চেয়ারম্যান গাজি সুলতান,পুঠিয়া মৎসজীবি দলের সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম জুম্ম, স্থানীয় বিএনপি নেতা মতিয়ার হক।

চট্টগ্রামে নগরীর বাইরের ১২টি আসনে বিদ্রোহীদের চাপ :

নগরীর তিনটি আসনের বাইরে চট্টগ্রামের অপর ১২টি আসনে মনোনয়পত্র জমা দানের শেষ দিনে মঙ্গলবার উভয় জোটের একাধিক নেতা মনোনয়নপত্র দাখিল করেছেন।

সীতাকুন্ড, ফটিকছড়ি, হাটহাজারী, রাঙ্গুনীয়া, পটিয়া, চন্দনাইশ, সাতকানিয়া ও বাঁশখালীতে শরীক দলগুলোর একাধিক মনোনয়ন প্রত্যাশী মনোনয়নপত্র জমা দেয়ায় মহাজোটকে বিদ্রোহীদের মোকাবেলা করতে হতে পারে। চারদলীয় জোট বেকায়দায় রয়েছে মীরসরাই, সীতাকুন্ড, ফটিকছড়ি, রাউজান, আনোয়ারা ও চন্দনাইশ আসনে একাধিক নেতা মনোনয়নপত্র জমা দেয়ায়।

চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনে চারদলীয় জোটের পক্ষে নির্বাচন করতে আগ্রহী শিল্পপতি কামাল উদ্দিন চৌধুরী ও বিএনপি নেতা এমএম এমরান চৌধরী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

চট্টগ্রাম-২ (সীতাকুন্ড) আসনে আওয়ামী লীগ হতে ’৯৬ সালে নির্বাচিত সাংসদ এবিএম আবুল কাশেম মাস্টার মঙ্গলবার মনোনয়নপত্র জমা দিয়েছেন। কিন্তু তার বিরোধীতা করে আওয়ামী লীগ নেতা ও ফেডারেল ইন্সুরেন্স কোম্পানির চেয়ারম্যান সোরওয়ার্দী চৌধুরী এবং গতবারের বিদ্রোহী প্রার্থী ও কৃষক লীগের সভাপতি নুরুল মোস্তফা কামাল চৌধুরীও মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এ আসনে চারদলীয় জোটের প্রার্থী বিএনপি নেতা আসলাম চৌধুরীর পাশাপাশি মনোনয়নপত্র জমা দিয়েছেন উপজেলার অপর বিএনপি নেতা নুরুল মোস্তফা কামাল চৌধুরী।

চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনটি জাতীয় পার্টির সাবেক মন্ত্রী ও জাতীয় পার্টির নেতা আনিসুল ইসলাম মাহমুদ মঙ্গলবার মনোনয়নপত্র জমা দিয়েছেন। কিন্তু উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ ছালাম ও মহানগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ইব্রাহীম হোসেন চৌধুরী বাবুলও মনোনয়নপত্র জমা দিয়েছেন।

জাতীয় পার্টির নেতা মোহাম্মদ ফারুক ও ইসলামিক ফ্রন্টের মুসাফউদ্দিন চৌধুরী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তবে সাবেক হুইপ ও বিএনপি নেতা সৈয়দ ওয়াহিদুল আলমকে চার দলীয় জোটের মধ্যে তেমন কোনো বিরোধীতার মুখোমুখি হতে হবে না আর কোনো বিএনপি নেতা মনোনয়নপত্র জমা না দেয়ায়।

চট্টগ্রাম-৬ (রাউজান) আসনটি নিয়ে চারদলীয় জোট সবচেয়ে বেশি বেকায়দায় আছে এখানে তিনজন কেন্দ্রীয় নেতা মনোনয়নপত্র জমা দেয়ায়। দুই ভাই সালাহ উদ্দিন কাদের চৌধুরী ও গিয়াসউদ্দিন কাদের চৌধুরী আগেই মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। মঙ্গলবার মনোনয়নপত্র জমা দিয়েছেন সাবেক রাষ্ট্রদূত গোলাম আকবর খোন্দকার। তবে মহাজোটে তেমন কোনো বিদ্রোহী প্রার্থী না থাকায় আওয়ামী লীগের সাবেক সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীর চাপ অনেকটা কম। তিনি মঙ্গলবার মনোনয়নপত্র জমা দিয়েছেন।

চট্টগ্রাম-৭ (রাঙ্গুনীয়া) আসনে মঙ্গলবার আকস্মিকভাবে মনোনয়নপত্র জমা দিয়ে আলোচনায় উঠে আসেন আওয়ামী লীগ নেতা ও জাতীয় ছাত্রলীগের সাবেক সভাপতি জাহাঙ্গীর সাত্তার টিংকু। তবে এ আসনটি মহাজোট এলডিপির নুরুল আলমকে প্রার্থী করবে বলে দলীয় সূত্রে জানা গেছে।

চট্টগ্রাম-১১ (পটিয়া) আসনে এলডিপি নেতা ইয়াকুব আলী মহাজোটের প্রার্থী হচ্ছেন এমনটি শোনা গেলেও মঙ্গলবার আরো দুই আওয়ামী লীগ নেতা শামসুল হক চৌধুরী ও লায়ন শামসুল হক মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া অপর শরীক দল জাতীয় পার্টি (এরশাদ) ও ইসলামিক ফ্রন্ট থেকে যে দুইজন মনোনয়নপত্র জমা দিয়েছেন তারা হলেন যথাক্রমে সাবেক পৌর চেয়ারম্যান শামসুল আলম মাস্টার ও গাজী মনজুরুল করিম।

এ আসনে চারদলীয় জোটের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির সাবেক সাংসদ গাজী শাহজাহান জুয়েল। বিএনপি থেকে আরো মনোনয়নপত্র জমা দিয়েছেন ড. এ আর এম মাঈনুদ্দিন চৌধুরী।

চট্টগ্রাম-১২ (আনোয়ারা) আসনে চারদলীয় জোটের প্রার্থী সরোয়ার জামাল নিজামের মনোনয়ন চূড়ান্ত হলেও এ আসনে বিএনপির একাধিক প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। তার মধ্যে উল্লেখযোগ্য হলেন-অপহৃত ব্যবসায়ী ও বিএনপি নেতা জামাল উদ্দিনের পুত্র চৌধুরী ফরমান রেজা মোহাম্মদ জামান লিটন, শাহাদাৎ হোসেন চৌধুরী, মোহাম্মদ আফসার, আলী আব্বাস, আবু তাহের বাঙ্গালী।

চট্টগ্রাম-১৩ আসনে (চন্দনাইশ) এলডিপির নির্বাহী সভাপতি কর্নেল (অব) অলি আহমদ মহাজোটের প্রার্থী হলেও আওয়ামী লীগের গত কয়েকবারের প্রার্থী ইঞ্জিনিয়ার আফসার উদ্দিন চৌধুরী এবং আওয়ামী লীগ নেতা জাফর আহমদ চৌধুরীও মনোনয়নপত্র জমা দিয়েছেন। চারদলীয় জোট থেকে নির্বাচন করার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন মিজানুল হক চৌধুরী এবং জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক নেতা এম এ হাশেম রাজুসহ আরো কয়েকজন।

চট্টগ্রাম-১৪ (সাতকানিয়া) আসনে এলডিপি নেতা অলি আহমদ গত সোমবার মনোনয়নপত্র জমা দিয়েছেন। এখানে জাফর আহমদ চৌধুরী এবং সাংবাদিক মোস্তাক আহমদ আওয়ামী লীগের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

চট্টগ্রামের অপর আসন বাঁশখালীতে আওয়ামী লীগের সাবেক সাংসদ সুলতানুল কবির চৌধুরী, জাতীয় পার্টি (এরশাদ) নেতা ও সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী, ইসলামী ঐক্য জোটের একাংশের চেয়ারম্যান মুফতী ইজহারুল ইসলাম মনোনয়নপত্র জমা দিয়েছেন।

চারদলীয় জোট থেকে সাবেক প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরীর পাশাপাশি বিএনপির মৌলানা মমিনুল হক চৌধুরী, আবদুল আলীম নিজামী, মউছুদুর রহমান চৌধুরীও মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এছাড়া, চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে সাবেক সাংসদ প্রয়াত মোস্তাফিজুর রহমানের পুত্র মাহফুজুর রহমান মিতা মহাজোটের পক্ষে মনোনয়নপত্র জমা দেন। আওয়ামী লীগ থেকে মিতার পাশাপাশি মনোনয়নপত্র জমা দিয়েছেন শফিকুল আলম, মেজর (অব) শাহাবুদ্দিন।