ইউনূসের প্রস্তাবের সঙ্গে একমত নন উপদেষ্টা সফিকুল হক
কৃষি উপদেষ্টা সফিকুল হক চৌধুরী নির্বাচনকে কেন্দ্র করে সর্বদলীয় কমিটি গঠণে নোবেল বিজয়ী ড. মুহম্মদ ইউনুসের প্রস্তাবের সঙ্গে একমত নন।
তিনি বলেন, “সর্বদলীয় কমিটি দেশে শান্তির পরিবর্তে নৈরাজ্য বয়ে আনবে। তার ওই প্রস্তাবে তত্ত্বাবধায়ক সরকার বিব্রত। তিনি সর্বদলীয় কমিটির পরিবর্তে পেশাজীবীদের নিয়ে কমিটি গঠণের প্রস্তাব করতে পারতেন।
সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে সফিকুল হক একথা বলেন।
২৭ ডিসেম্বর বুধবার জাতীয় যুব দিবস উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে এ সংবাদ সম্মেলন। যুব ও ক্রীড়া সচিব আমিনুল ইসলাম ভূঁইয়া, যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক নজরুল ইসলামসহ উর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা সফিকুল হক চৌধুরী ভোট কারচুপি রোধে যুব সমাজকে মনিটরিংয়ে নামার আহ্বান জানিয়ে বলেন, “কারচুপি ও জাল ভোট সব সময় ছিল, এখনও আছে। এর সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ হয়ে একে ঠেকাতে হবে এবং জালিয়াতির খবর বিভিন্ন সংবাদ মাধ্যমে তুলে ধরতে হবে।”
রাজনৈতিক সংকট পুরোপুরি সমাধান না হওয়ার কারণ সম্পর্কে উপদেষ্টা বলেন, “উপদেষ্টাদের কাজ সমস্যার সমাধান করা নয়। তারা চেষ্টা করতে পারেন মাত্র।”
সংবাদ সম্মেলনে সফিকুল হক তার মন্ত্রণালয়ের অধীনে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রতিষ্ঠা লগ্ন থেকে বিভিন্ন কার্যক্রমের চিত্র তুলে ধরেন।
তিনি জানান, অধিদপ্তরের মাধ্যমে ২০০৬ সাল পর্যন্ত ২৭ লাখ ৩৩ হাজার ৬৫০ জন বেকার যুবক ও যুব মহিলাকে আত্ম-কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণ দেয়া হয়েছে। এদের মধ্যে ১৫ লাখ ১৬ হাজার ৮৭৮ জন আত্ম-কর্মী হয়েছেন। এদের প্রত্যেকের মাসিক আয় ১৫ হাজার থেকে ৫০ হাজার টাকা।
তিনি জানান, প্রশিক্ষণ প্রাপ্ত যুবক ও যুব মহিলাদের মধ্যে বিভিন্ন গ্রুপে সাত লাখ ২৩ জনকে ৭১০ কোটি এক লাখ পাঁচ হাজার টাকা ঋণ দেয়া হয়েছে।
