আ. লীগে যাচ্ছেন লবী?
খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক এবং সাবেক সাংসদ আলী আসগর লবী তার অনুসারী নেতা-কর্মীদের নিয়ে মঙ্গলবার আওয়ামী লীগে যোগ দিচ্ছেন বলে জোর গুজব শোনা যাচ্ছে।
যোগদানের বিষয়টি নগর বিএনপির সদস্য সচিব সাহারুজ্জামান মোর্তুজা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর কাছে নিশ্চিত করলেও লবী বলেছেন, রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই।
তবে ঢাকায় লবীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি আওয়ামী লীগে যোগদানের সম্ভাবনা নাকচ করে দিয়ে “না, এরকম কোনো সিদ্ধান্ত নেইনি। বিএনপি বিবেচনা করেনি বলেই মনোনয়ন দেয়নি।”
খুলনা আওয়ামী লীগ নেতারা জানিয়েছেন, লবী ও তার অনুসারীদের যোগদানের বিষয়টি প্রক্রিয়াধীন আছে।
জানা গেছে, সাহারুজ্জামান মোর্তুজা এবং ছয়জন ওয়ার্ড কমিশনারও লবীর সঙ্গে আওয়ামী লীগে যোগ দিতে পারেন।
সাহারুজ্জামান সোমবার সাংবাদিকদের জানান, আলী আসগর লবীকে খুলনা-২ আসনে মনোনয়ন না দেওয়ায় তারা দলত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। এ ব্যাপারে ঢাকায় আওয়ামী লীগ নেতাদের সঙ্গে তাদের যোগাযোগ হয়েছে। মঙ্গলবার মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষদিন বিকাল ৩টার পর তারা আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগ দিতে পারেন। বিএনপির পাঁচ হাজার নেতা-কর্মী তাদের সঙ্গে আওয়ামী লীগে যোগ দেবেন বলে তিনি দাবি করেন।
এ ছাড়া খুলনা সিটি কর্পোরেশনের মেয়র শেখ তৈয়বুর রহমানও তাদের সঙ্গে আওয়ামী লীগে যোগ দিতে পারেন বলে মোর্তুজা জানান। বর্তমানে তাঁর সঙ্গে আলোচনা চলছে।
সাহারুজ্জামান মোর্তুজা সোমবার সকাল ১০ টায় শহরের ভৈরব স্ট্যান্ড রোডে তার বাড়িতে লবী সমর্থক নেতা-কর্মীদের নিয়ে বৈঠকে বসেন। বেলা আড়াইটায় ওই বৈঠক শেষ হয়। আলী আসগর লবীকে মনোনয়ন দেওয়া না হলে তারা আওয়ামী লীগে যোগ দেবেন বলে বৈঠকে সিদ্ধান্ত হয়।
বৈঠক শেষে মোর্তুজা জানান, বিএনপির কেন্দ্রীয় নেতাদের সিদ্ধান্তের জন্য তারা মঙ্গলবার দুপুর সাড়ে তিনটা পর্যন্ত অপেক্ষা করবেন। এর মধ্যে কেন্দ্র থেকে লবীর মনোনয়ন নিশ্চিত না করা হলে বিকেল পাঁচটায় খুলনা প্রেসক্লাবে অনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা আওয়ামী লীগে যোগ দেবেন।
বৈঠকে অন্যদের মধ্যে ওয়ার্ড কমিশনার মো. রাশেদ, হাফিজুর রহমান, মনিরুজ্জামান মামুন, গাউসুল আজম এবং আমান উল্লাহ আমান উপস্থিত ছিলেন।
সাহারুজ্জামান মোর্তুজা আরও জানান, আওয়ামী লীগে যোগ দেওয়ার ব্যাপারে আওয়ামী লীগের শেখ হেলাল উদ্দিন, তালুকদার আব্দুল খালেক, এসএম মোস্তফা রশিদী সূজা এবং আলহ্বাজ মিজানুর রহমানের সঙ্গে তাদের কথা হয়েছে।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানকে উদ্দেশ্য করে তিনি বলেন, “তিনি যদি পিতার হত্যাকারীদের সঙ্গে দেখা করে কথা বলতে পারেন, তাহলে আমরা কেন দল ত্যাগ করতে পারবো না।”
এ ছাড়া তিনি বাড়ি থেকে আজই (সোমবার) খালেদা জিয়ার ছবি নামিয়ে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি টানাবেন বলেও জানান।
এ ব্যাপারে খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ মিজানুর রহমান মিজান বলেন, “তাদের যোগদানের ব্যাপারটা প্রক্রিয়াধীন রয়েছে। তবে এখনও তা চূড়ান্ত হয়নি।”
প্রসঙ্গত, সিটি মেয়র-লবী-মোর্তুজা খুলনার দ্বিধাবিভক্ত বিএনপির একটি গ্রুপের অনুসারী। অপর গ্রুপে আছেন সাবেক হুইপ আশরাফ হোসেন ও সাবেক সাংসদ এম নুরুল ইসলাম এবং খুলনা-২ আসনে মনোনয়ন পাওয়া বিএনপি নেতা নজরুল ইসলাম মঞ্জু। মূলত মঞ্জু খুলনা-২ আসনে মনোনয়ন পাওয়াতেই লবী-মোর্তুজা গ্রুপ বিদ্রোহী হয়ে উঠে।
