খেলাফত মজলিসের সঙ্গে সমঝোতা স্মারক বাতিলের দাবি
খেলাফত মজলিসের সঙ্গে আওয়ামী লীগের সমঝোতা স্মারক বাতিলের দাবিতে ধানমণ্ডির সুধাসদনের সামনে সোমবার বিকেল চারটার দিকে বিক্ষোভ প্রদর্শন করেছেন সুশীল সমাজের কয়েকজন প্রতিনিধি।
ব্যানারসহ বেশকিছু নাগরিক সুধাসদনের সামনে দাঁড়িয়ে বিক্ষোভ প্রদর্শনের সময় আওয়ামী লীগ কর্মীদের সঙ্গে তাদের উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এক পর্যায়ে আওয়ামী লীগ কর্মীরা তাদের ব্যানার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।
এ সময় ফ র মাহমুদ হাসানসহ কয়েকজন শেখ হাসিনার ব্যক্তিগত সচিবের কাছে স্মারকলিপি দেন।
স্মারকলিপিতে স্বাক্ষর করেন ফেরদৌসী প্রিয়ভাষিণী, ড. এস এম আরিফ আলম, হাবিবুর রহমান চৌধুরী, জীবন রায় চৌধুরী, নিশাত জাহান রানাসহ ৩০ জন নাগরিক।
ফ র মাহমুদ হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-কে জানান, অসাম্প্রদায়িকতা ও ধর্মনিরপেক্ষতার ওপর ভিত্তি করে আওয়ামী লীগের জনপ্রিয়তা সৃষ্টি হয়েছে। যদি ভোটের জন্য সর্বনীতি ও আদর্শ বিসর্জন দিতে হয় তাহলে এ দলকে মানুষ কেন সমর্থন করবে?
তিনি বলেন, এ চুক্তি ’৭২ এর সংবিধানের চেতনা বিরোধী। প্রতিবাদকারীরা প্রায় আধঘন্টা দাঁড়িয়ে থাকার পর তারা এলাকা ত্যাগ করে।
