২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রার্থীর আট তথ্য দিতে বাধ্য করতে আবারও আবেদন

জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের আয় ও সম্পদের হিসাবসহ ব্যক্তিগত আট তথ্য নির্বাচন কমিশনে জমা দেওয়ার বাধ্যবাধকতা নিশ্চিত করতে আবেদন জানানো হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2006, 05:34 PM

Updated : 26 Apr 2022, 04:11 PM

এ বিষয়ে হাইকোর্টের নির্দেশ স্থগিত করে ১৯ ডিসেম্বর আপিল বিভাগের চেম্বার জজের দেওয়া আদেশ প্রত্যাহারের জন্য ঙ্গলবার আপিল বিভাগে আবেদন জানাবেন রিটকারীর কৌঁসুলিরা।

মঙ্গলবারই আপিল বিভাগের চেম্বার জজ আদালতে এর উপর শুনানি হতে পারে। রিটকারীর পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে অভিযোগ তোলা হয় যে, তাদের না জানিয়ে ব্যারিস্টার মওদুদ আহমেদ, আজমালুল হোসেন ও ব্যারিস্টার ওমর সাদাত স্থগিতাদেশের আবেদনটি পরিচালনা করেন।

রিটকারী তিন আইনজীবীর একজন কে এম জাবির সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের না জানিয়েই চেম্বার জজের আদালত থেকে স্থগিতাদেশ নেওয়া হয়েছে। আপিল বিভাগের বিধি অনুযায়ী দুই পক্ষে শুনানি করে আদেশ দিতে হবে। কিন্তু এক্ষেত্রে তা মানা হয়নি।”

তিনি আরও বলেন, “এ মামলায় লিভ মঞ্জুরের সময় আপিল বিভাগের নিয়মিত আদালত হাইকোর্টের রায় স্থগিত করেনি। পুরো ঘটনা আপিল বিভাগের চেম্বার জজ জানলে হাইকোর্টের আদেশ স্থগিত করতেন না বলে আমার বিশ্বাস।”

তিনি আরও বলেন, “মামলার পুরো ঘটনা মঙ্গলবার চেম্বার জজের আদালতে তুলে ধরা হবে। সেজন্য স্থগিতাদেশ প্রত্যাহারের একটি আবেদন প্রস্তুত করেছি। মঙ্গলবার সকালে এ আবেদন সুপ্রিম কোর্টে দাখিল করে ওইদিনই চেম্বার জজের আদালতে তা পরিচালনা করা হবে।”

২০০৫ সালের ২৪ মে আবদুল মোমেন চৌধুরী, কে এম জাবিরসহ সুপ্রিম কোর্টের তিন আইনজীবীর দায়ের করা এক জনস্বার্থ রিট মামলার পরিপ্রেক্ষিতে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ নির্বাচন কমিশনকে প্রার্থীদের কাছ থেকে আটটি তথ্যসহ হলফনামা নেওয়ার নির্দেশ দেন।

আটটি তথ্যের মধ্যে ছিল, প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, ফৌজদারি মামলার রেকর্ড, পেশা বা জীবিকা, আয়ের উৎস, আগে সংসদ সদস্য ছিলেন কি না, সম্পদ ও দেনার বিবরণ, ঋণ নিয়েছেন কি না এবং কোনও কোম্পানির কোনও পদে থাকলে সেই কোম্পানির ঋণের পরিমাণ কত?

এ রায়ের বিরুদ্ধে চট্টগ্রামের সন্দ্বীপ থেকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নবম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আগ্রহী জনৈক আবু ছাফা ২০০৫ সালের ৩ জুলাই লিভ টু আপিল দায়ের করেন।

আপিল বিভাগ গত ৬ এপ্রিল আবেদনট শুনানির জন্য গ্রহণ (লিভ মঞ্জুর) করলেও হাইকোর্টের রায়ের ওপর স্থগিতাদেশ দেয়নি।