২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষুব্ধ বাম নেতাদের সঙ্গে সোমবার বৈঠকে বসবেন হাসিনা

শায়খুল হাদিস আল্লামা আজিজুল হকের নেতৃত্বাধীন খেলাফত মজলিসের সঙ্গে করা চুক্তিতে ভীষণ ক্ষিপ্ত হয়েছে ১৪ দলের শরিক বাম দলগুলো।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2006, 03:10 AM

Updated : 26 Apr 2022, 04:11 PM

তারা এ বিষয়ে আওয়ামী লীগের সুস্পস্ট অবস্থান জানতে এবং আওয়ামী লীগ সভানেত্রীর সঙ্গে বৈঠকে বসতে চেয়েছে। তাদের দাবির প্রেক্ষিতে আওয়ামী লীগ সভানেত্রী সোমবার সকাল ১০ টায় ১৩ বাম দলের নেতাদের সঙ্গে বসবেন বলে আবদুল জলিল রোববার রাতে জানিয়েছেন।

মহাজোটের আসন ভাগাভাগি নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জলিলের বাসায় জাতীয় পার্টির বৈঠক চলার সময় রাত ১১টার দিকে বাম নেতারা সেখানে গিয়ে হাজির হন এবং খেলাফত মজলিশের সঙ্গে ফতোয়াকে বৈধতা দেওয়া, কওমি মাদ্রাসার সরকারি স্বীকৃতিসহ পাঁচটি বিষয়ে করা চুক্তি নিয়ে তীব্র আপত্তি জানান।

বাম নেতাদের মধ্যে ছিলেন রাশেদ খান মেনন, দিলীপ বড়ুয়া, হাসানুল হক ইনু, শিরিন আখতার প্রমুখ।

তারা এ বিষয়ে জলিলের কাছে আওয়ামী লীগের দলীয় অবস্থান জানতে চান।

তাদের প্রতিবাদের মুখে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাতীয় পার্টির সঙ্গে বৈঠক স্থগিত করে সুধা সদনে যান শেখ হাসিনার সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলতে। বাম নেতারা সেখানেই অবস্থান করতে থাকেন।

জলিলের কাছে সবকিছু শুনে আওয়ামী লীগ সভানেত্রী জানিয়েছেন, সোমবার সকালে তিনি ১৩ দলের বাম নেতাদের সঙ্গে বসবেন। এ খবর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রাত প্রায় ২ টায় তার বাসায় অবস্থানকারী বাম নেতাদের জানিয়ে দেন।

খেলাফত মজলিসের সঙ্গে এই চুক্তি বিষয়ে ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এই চুক্তি অসাম্প্রদায়িক রাজনীতির বিরোধী। এটা মেনে নেওয়া যায় না। এ বিষয়ে আমরা আমাদের অবস্থান আবদুল জলিলকে জানিয়ে দিয়েছি।”

সাম্যবাদী দলের দিলীপ বড়ুয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ ধরণের চুক্তি স্বাধীনতার চেতনা ও অসাম্প্রদায়িক রাজনীতির সম্পূর্ণ পরিপন্থী। আমরা এমন সিদ্ধান্ত মানতে পারি না। এ বিষয়ে আমরা আওয়ামী লীগ সভানেত্রীর সঙ্গে সরাসরি কথা বলতে চাই।”