মহাজোটকে মান্নান ভূঁইয়ার অভিনন্দন
আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নেয়ায় বিএনপি মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া তাদের অভিনন্দন জানিয়েছেন।
রোববার রাত ১০ টায় বনানীর হাওয়া ভবনে তিনি অপেক্ষমান সাংবাদিকদের বলেন, “দেরিতে হলেও তাদের শুভবুদ্ধির উদয় হয়েছে। তারা আর কোনো অজুহাত না তুলে নির্বাচনে অংশ নেবে বলে আশা করি।”
বিএনপি মহাসচিব বলেন, “আমরা মনে করি নির্বাচনই জনপ্রিয়তা যাচাইয়ের একমাত্র মাপকাঠি। জনগণ নির্বাচনের মাধ্যমে যে দল বা জোটকে ক্ষমতায় যাওয়ার রায় দেবে তারাই ক্ষমতায় যাবে।”
গত এক মাসে ১৪ দলের কর্মসূচির ফলে জনগণের জানমালের ক্ষতি এবং মানুষ হত্যার ঘটনা উল্লেখ করে তিনি বলেন, “আগামী নির্বাচনে এ জন্য তাদের খেসারত দিতে হবে।”
খেলাফত মজলিসের সঙ্গে আওয়ামী লীগের চুক্তি সাক্ষর বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমি আগেই বলেছি ক্ষমতায় যাওয়ার জন্য তারা যে কোনো ওয়াদা করতে পারে। কিন্তু ক্ষমতায় গিয়ে সব ভুলে যাবে।”
বিএনপি নেতৃত্বাধীন চার দলীয় জোট সোমবার চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করবে বলে মান্নান ভূঁইয়া জানান।
