২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জের ৩ আসনে মতিনের মনোনয়নপত্র দাখিল

চারদলীয় জোটের অন্যতম শরিক বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ডা. এম এ মতিন সিরাজগঞ্জের তিনটি আসনে রোববার মনোনয়নপত্র দাখিল করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2006, 08:42 PM

Updated : 26 Apr 2022, 04:11 PM

তবে তিনি বলেছেন, জোট যে আসনে মনোনয়ন দেবে তিনি সেখান থেকেই ভোটে দাঁড়াবেন।

তিনি সিরাজগঞ্জ-২, সিরাজগঞ্জ-৩ এবং সিরাজগঞ্জ-৭ আসনে মনোনয়ন পত্র দাখিল করেছেন। গত সংসদ নির্বাচনে তিনি সিরাজগঞ্জ-৭ আসন থেকে নির্বাচিত হয়েছিলেন।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে সাবেক মন্ত্রী ও চক্ষু চিকিৎসক এম এ মতিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে টেলিফোনে বলেছেন,“এখনো জোটের মনোনয়ন চূড়ান্ত হয়নি। আওয়ামী লীগসহ ১৪ দল নির্বাচনে আসবে কি না তা নিয়েও সংশয় রয়েছে। তাই আমি ৩টি আসন থেকে মনোনয়নপত্র দাখিল করেছি।”

তিনি আরো বলেন, “চারদলীয় জোটের সিদ্ধান্ত অনুযায়ী যেখান থেকে আমাকে মনোনয়ন দেবে আমি সেখান থেকেই নির্বাচন করবো।”

ডা. এম এ মতিনের নেতৃত্বাধীন বিজেপি আসন্ন নির্বাচনে বিএনপির কাছে ১০টি আসন দাবি করেছে।

এ প্রসঙ্গে তিনি বলেন,“গত সংসদে আমাদের দলের সাংসদ সংখ্যা ছিলো ৫ জন (একটি সংরক্ষিত মহিলা আসনসহ)। সেই হিসেবে এবার আমরা জোট নেত্রীর কাছে ১০টি আসন দাবি করেছি। আশা করি তিনি বিষয়টি বিবেচনা করবেন।”

এদিকে বিএনপির একটি সূত্রে জানা গেছে, সিরাজগঞ্জ-৭ আসন থেকে ডা. এম এ মতিনকে মনোনয়ন না দেওয়ার জন্য স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা দলের হাই কমান্ডের কাছে দাবি জানিয়েছেন। তারা বিএনপি নেতা খান মজলিসকে আগামী নির্বাচনে জোটের প্রার্থী করার দাবি করেছেন।