‘জলিলের সঙ্গে চুক্তি স্বাক্ষর করা ভণ্ডামি’
শায়খুল হাদিস আল্লামা আজিজুল হকের সঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল জলিলের স্মারক চুক্তি সইকে ইসলামের নামে ভণ্ডামি ও পথভ্রষ্টতার সামিল বলে বর্ণণা করেছেন চার দলীয় জোটের সঙ্গে যুক্ত খেলাফত মজলিশের অংশ।
রোববার এক বিবৃতিতে সংগঠনের আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব অধ্যাপক আহমেদ আবদুল কাদের বলেন, ধর্ম নিরপেক্ষতা ও সমাজতন্ত্রকে নাস্তিকতা বলে মনে করে খেলাফত মজলিশ। ওই আদর্শের ধারকদের ইসলামের শক্র হিসেবে চিহ্নিত করে তারা বলেন, শায়খুল হাদিসের বার্ধক্যের সুযোগ নিয়ে কতিপয় আলেম খেলাফত মজলিশের নাম ব্যবহার করে আওয়ামী লীগের সঙ্গে চুক্তি করেছে।
চার দলের সমর্থক খেলাফত মজলিশের এ অংশ দাবি করে, আওয়ামী লীগের সঙ্গে চুক্তি সম্পাদন নৈতিক অধঃপতনের পাশাপাশি এদেশের তৌহিদী জনতার সঙ্গে বিশ্বাসঘাতকতার সামিল।
আওয়ামী লীগকে চুক্তি ভঙ্গকারী হিসেবে বর্ণনা করে তারা বলেন, দলটি জনগনের কাছে ক্ষমা চেয়ে ১৯৯৬ সালে ক্ষমতায় গিয়ে আলেম-ওলামাদের জেলে পাঠিয়েছে। শায়খুল হাদিস আল্লামা আজিজুল হক ও মুফতি ফজলুল হক আমিনীকেও তারা কারাগারে পাঠিয়েছিল। ওই সময়ে আওয়ামী লীগ সারাদেশে অসংখ্য কওমী মাদ্রাসা বন্ধ করে দিয়েছিল।
