ফতুল্লায় সাবেক সাংসদ গিয়াসউদ্দিনকে ধাওয়া
ফতুল্লার এনায়েতনগরে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি ও সাবেক সাংসদ মুহাম্মদ গিয়াসউদ্দিনকে ধাওয়া ও নির্বাচনী সমাবেশে শনিবার ভংচুর চালিয়েছে শিল্পপতি মোহাম্মদ আলীর সমর্থকরা।
এক পর্যায়ে তারা গিয়াসউদ্দিনকে ধাওয়া করে এবং সঙ্গী বরিশাইল্যা জাহাঙ্গীর ও ডাকাত ইকবালকে পিটুনি দেয়।
মোহাম্মদ আলী সমর্থকদের অভিযোগ, গিয়াসউদ্দিনের সঙ্গী সন্ত্রাসীরা স্থানীয় প্রবীণদের ওপর হামলা করলে ক্ষুব্ধ জনতা সমাবেশ মঞ্চে ভাংচুর চালায় এবং সাবেক সাংসদকে ধাওয়া করে।
ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আশরাফ উল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তবে তিনি বলেন, সাবেক সাংসদ চলে যাওয়ার পর প্রতিপক্ষ গ্রুপ সমাবেশ মঞ্চে হামলা ও ভাংচুর চালায়।
মুহাম্মদ গিয়াসউদ্দিন অবশ্য দাবি করেন, সমাবেশে তিনি ছিলেন না। সন্ত্রাসীরা তার সমর্থকদের মিছিলে হামলা করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রাথমিকভাবে দলীয় মনোনয়ন পাওয়ায় মুহাম্মদ গিয়াসউদ্দিন জনগণকে মিষ্টি খাওয়াতে শনিবার ফতুল্লা এলাকায় যান।
দুপুরে এনায়েতপুরে জনসভায় বক্তৃতা দেয়ার সময় মঞ্চে তার পাশে ছিল ঝুট সন্ত্রাসী বরিশাইল্যা জাহাঙ্গীর ও ডাকাত ইকবাল।
সাবেক সাংসদ এলাকায় সন্ত্রাস নির্মূলে তার সাফল্যের বর্ণনা করার সময় জনসভায় উপস্থিত মোহাম্মদ আলীর সমর্থকরা জাহাঙ্গীর ও ইকবালের উপস্থিতির কারণ জানতে চান।
এ ঘটনায় গিয়াসউদ্দিনের সঙ্গীরা এলাকার দুই প্রবীণ ব্যক্তি নূর উদ্দিন সর্দার ও হান্নান মুন্সীকে নাজেহাল করে।
এর পরপরই লোকজন সাবেক সাংসদ ও তার সঙ্গীদের ধাওয়া করে। হামলার মুখে নিজ গাড়িবহর রেখে মুহাম্মদ গিয়াসউদ্দিন একটি পিক আপ ভ্যানে করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। এ সময় ভ্যানের ধাক্কায় ৪/৫টি রিকশা চুরমার হয়ে যায়। আহত হন বেশ কয়েকজন।
