হাসিনা-বি. চৌধুরী বৈঠক: মনোনয়ন জমা দেবে না এলডিপি
লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) রোববার মনোনয়নপত্র জমা দিচ্ছে না।
দলের প্রেসিডিয়াম সদস্য মাহী বি. চৌধুরী বলেছেন, “রোববার মনোনয়ন জমা দেওয়ার কোনো প্রশ্নই আসে না।”
শনিবার সুধা সদনে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে এলডিপি সভাপতি অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী, নির্বাহী সভাপতি অলি আহমেদসহ সিনিয়র নেতাদের আড়াই ঘন্টার বৈঠকের পর বের হয়ে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
এলডিপি গঠনের পর শেখ হাসিনার সঙ্গে বি. চৌধুরী ও কর্নেল অলির এটাই প্রথম বৈঠক।
বৈঠক শেষে মাহী বি. চৌধুরী আরও বলেন, “সুষ্ঠু নির্বাচন করার ইচ্ছে যদি রাষ্ট্রপতির থাকে তাহলে ৯০ দিনের মধ্যেই সেটা সম্ভব।”
আসন বন্টন নিয়ে আলোচনা হয়েছে কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “আসন নিয়ে কোনো আলোচনা হয়নি। আমাদের আসল উদ্দেশ্য বিএনপি-জামায়াত জোটকে পরাজিত করা। সে জন্য যার যেখানে যোগ্য প্রার্থী আছে তাকেই মনোনয়ন দেওয়া হবে।”
মাহী আরও বলেন, “আমাদের ঐক্য সুদৃঢ় হয়েছে। নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। তবে আমরা যা কিছুই করবো ঐক্যবদ্ধভাবেই করবো।”
আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ওবায়দুল কাদের বৈঠক শেষে বলেন, “এক সঙ্গে আন্দোলন, নির্বাচন ও সরকার গঠনের বিষয়ে ফলপ্রসু আলোচনা হয়েছে। আমরা নির্বাচনে অংশ নিতে চাই। কিন্তু সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ এখনো তৈরি হয়নি।”
তবে তিনি আসন বন্টন নিয়ে আলোচনা হয়েছে বলে স্বীকার করেন।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “এখনও সঠিক ভোটার তালিকা তৈরি হয়নি। সেটা না হলে কীভাবে আমরা নির্বাচনে অংশ নেবো ? ৯০ দিন বড় কথা নয়, আসল কথা হলো সুষ্ঠু নির্বাচন।”
বৈঠকে আরও উপস্থিত ছিলেন দলের মহাসচিব মেজর (অব.) আব্দুল মান্নান, কে এম ফিরোজ হাসান প্রমুখ।
