২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনে না এলে জনগণই তাদের প্রত্যাখ্যান করবে: মান্নান ভূঁইয়া

বিএনপি মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়া আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নেয়ার আহবান জানিয়ে বলেছেন, “জনপ্রিয়তা থাকলে নির্বাচনে এসে প্রমাণ করুন। নির্বাচনে না এলে জনগণই আপনাদের প্রত্যাখ্যান করবে।”

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2006, 09:18 PM

Updated : 26 Apr 2022, 04:10 PM

তবে তিনি নির্বাচনে সকল দল অংশ নেবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় বনানীর হাওয়া ভবনে সাংবাদিকদের কাছে তিনি একথা বলেন।

১৪ দলের আহুত হরতাল কর্মসূচির সমালোচনা করে মান্নান ভূঁইয়া বলেন, ১৪ দল একের পর এক দাবি দিয়ে তা বাস্তবায়নের পরও নির্বাচনে আসতে চায় না।

তাদের দাবির শেষ কোথায়-প্রশ্ন রেখে তিনি বলেন, “আমাদের এক দফা দাবি-৯০ দিনের মধ্যেই নির্বাচন চাই।”

মান্নান ভূঁইয়া ১৪ দলের দাবি অনুয়ায়ী তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশন পুনর্গঠন, ভোটার তালিকা হালনাগাদকরণ, তফসিল পুনর্গঠন প্রভৃতি দাবি বাস্তবায়ন করেছে বলে মন্তব্য করে বলেন, এরপরও তারা হরতাল-অবরোধ দিয়ে যেভাবে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত করছে তাতে বিদেশে দেশের ভাবমূর্তি বিনষ্ট করছে। এরকম অবস্থা চলতে থাকলে তিনি দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন।

চার দলীয় জোটে অনেক দল যোগ দিতে পারে উল্লেখ করে তিনি বলেন, “আমরা এখনো জোটবদ্ধভাবে নির্বাচন করার কথা ভাবছি।”

এসময় যুগ্ম মহাসচিব নজরুল ইসলাম খান, যুবদল সভাপতি বরকত উল্লাহ বুলু , দফতর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি উপস্থিত ছিলেন।