২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মনোনয়ন নিয়ে খুলনা বিএনপিতে বিদ্রোহ

খুলনা মহানগরীর আসনে সাবেক সাংসদ আলী আসগর লবী বিএনপির মনোনয়ন না পাওয়ায় তার সমর্থকরা হরতালের হুমকি দিয়েছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2006, 08:03 PM

Updated : 26 Apr 2022, 04:10 PM

এ জেলার অন্য দুটি আসনে মনোনয়ন নিয়েও দলে বিদ্রোহ দেখা দিয়েছে।

আসন্ন সংসদ নির্বাচনে খুলনা-২ আসনে বিএনপির হয়ে মনোনয়ন পেয়েছেন নজরুল ইসলাম মঞ্জু। বৃহস্পতিবার দুপুরে খুলনা প্রেসক্লাবে এসে তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এসে তার প্রার্থীতা নিশ্চিত হওয়ার খবর জানান।

এই আসনে নজরুল ইসলাম মঞ্জুর প্রর্থীতার বিরোধিতা করে বিএনপির মেয়র-লবী-মাজেদ গ্রুপের নেতা সাহারুজ্জামান মোর্তজা আলী আসগর লবীকে মনোনয়ন দেওয়ার দাবি জানান। তিনি বলেন, তা না হলে প্রয়োজনে এখানে হরতাল পালন করা হবে।

খুলনা-৪ আসনে প্রার্থীতা নিশ্চিত হয়েছে সাবেক সংসদ সদস্য এম নুরুল ইসলাম দাদু ভাই-এর।

এই আসনে নুরুল ইসলাম দাদু ভাইয়ের মনোনয়নের বিরোধিতা করেছেন খুলনা জেলা বিএনপির সভাপতি মাজেদুল ইসলামের অনুসারীরা।

তারা বৃহস্পতিবার প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে বলেছেন, মাজেদুল ইসলামকে মনোনয়ন না দিয়ে অন্য কাউকে মনোনয়ন দিলে তা প্রতিহত করা হবে। মাজেদ গ্রুপের লোকজন বিকালে এলাকায় ঝাড়ু মিছিল বের করে।

খুলনা-৩ আসনে সাবেক হুইপ মোহাম্মদ আশরাফ হোসেনের প্রার্থীতা নিশ্চিত বলে দাবি করা হলেও এ আসনে কাউকে মনোনয়ন দেওয়া হয়নি। এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি ঢাকার উদ্দেশে খুলনা ত্যাগ করেন। এ আসনে প্রার্থী হতে চান সিটি মেয়র শেখ তৈয়েবুর রহমান।

এ ছাড়া খুলনা-১ আসনে বিএনপির একক প্রার্থী এবং ৫ ও ৬ আসনেও জামায়াতের প্রার্থীদের মনোনয়ন নিশ্চিত হয়েছে।