নির্বাচনের নতুন তফসিল ঘোষণা, মহাজোটের প্রত্যাখ্যান
নবম জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ২২ জানুয়ারি ঠিক রেখে অন্যান্য সময়সূচিতে রদবদল আনা হয়েছে। বুধবার কমিশন চতুর্থদফায় তফসিল পুনঃনির্ধারণ করে। তবে একই দিন আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট এই তফসিল প্রত্যাখানের ঘোষণা দিয়েছে।
নির্বাচন কমিশনের সচিব আবদুর রশীদ সরকার সাংবাদিকদের বলেছেন, উপদেষ্টাদের পরামর্শেই নির্বাচনের তফসিলে এ পরিবর্তন আনা হয়েছে।
বুধবার নির্বাচন কমিশন সচিবালয়ের এক প্রজ্ঞাপনে জারি করা নতুন সময়সূচি অনুযায়ী মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন ২৪ ডিসেম্বর, মনোনয়ন পত্র বাছাইয়ের তারিখ ২৬ ডিসেম্বর এবং প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ৩ জানুয়ারি করা হয়েছে।
ভোটগ্রহণের দিন ২২ জানুয়ারি অপরিবর্তিত রাখা হয়েছে।
উল্লেখ্য, নবম জাতীয় সংসদ নির্বাচনের জন্য কমিশনের ঘোষণা করা এটি চতুর্থ তফসিল। দেশের নির্বাচনের ইতিহাসে এর রকম চার দফায় তফসিল ঘোষণা করার ঘটনা নজিরবিহীন।
নির্বাচন কমিশন সচিব আব্দুর রশীদ সরকার বিকেল ৪টায় কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বলেন, “কমিশনের পক্ষ থেকে আমি আশা করি পুনঃনির্ধারিত তফসিল মেনে সব রাজনৈতিক দল এই নির্বাচনে অংশ নেবে। রাজনৈতিক দলগুলো সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠানে আমাদের সহায়তা করবে।”
রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে এই নতুন তফসিল দেওয়া হল কি না-সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে সচিব স্পষ্ট কোনো উত্তর দেননি। তিনি শুধু বলেন, “আমার মৌনতা থেকে আপনারা যা বোঝার বুঝে নেবেন।”
নবম জাতীয় নির্বাচনের জন্য এটাই কি কমিশনের শেষ তফসিল? এ প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমি সেটাই আশাকারি। দেশবাসীর প্রত্যাশাও তাই।”
আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, “বাংলাদেশ ব্যাংক এরই মধ্যে আমাদের দু’দফা চিঠি দিয়ে অনুরোধ করেছে, ঋণ খেলাপী চিহিৃত করার জন্য প্রার্থীদের মনোনয়নপত্র জমা ও তা বাছাইয়ের দিনক্ষণের মধ্যে যেনো একটু ফাঁক রাখা হয়। আমরা তা মানার চেষ্টা করেছি।”
সচিব বলেন, “২০০০ সালের ভোটার তালিকাই মূল। এছাড়া ভোটার তালিকার হালনাগাদ হয়েছে। আর বাড়ি বাড়ি গিয়ে তালিকার যে সংশোধন হলো, তা সম্পূরক তালিকা। সাধারণত এর পুরোটাই হাতে লিখে করা হয়। নির্বাচনের তফসিল ঘোষণার জন্য সম্পূরক ভোটার তালিকা ছাপা থাকা জরুরি নয়।”
“তবু আমরা আশা করি দু/একদিনের মধ্যেই হালনাগাদ ভোটার তালিকা পেয়ে যাব। এছাড়া এটি কম্পিউটার ডিস্কেও বাজারে ছাড়া হবে।”
এদিকে বিকাল সোয়া ৪ টার দিকে আওয়ামী লীগ নেতা ও সাবেক সচিব এম. মোকাম্মেল হকের নেতৃত্বে মহাজোটের তিন সদস্যর একটি প্রতিনিধি দল প্রায় এক ঘণ্টা কমিশন সচিব আব্দুর রশীদ সরকারের সঙ্গে সাক্ষাত করেন। দলের অপর দু’জন সদস্য হচ্ছেন, সাবেক সচিব মোবায়দুল ইসলাম ও শাজাহান সিদ্দিকী, বীর বিক্রম।
সাক্ষাত শেষে মোকাম্মেল হক সাংবাদিকদের বলেন, “আমরা নির্বাচনে যেতে চাই। তবে অবশ্যই এর সুষ্ঠু পরিবেশ থাকতে হবে। জাতিসংঘের মহাসচিব কফি আনানও বলেছেন, নির্বাচন কমিশনকে জনগণের আস্থা অর্জন করতে হবে।”
মোকাম্মেল হক বলেন, “নির্বাচন কমিশন কারো সঙ্গে কোনো আলোচনা না করেই তফসিল নিয়ে কানামাছি খেলছে। দলীয় নির্বাচনের এই নীল নকশায় মহাজোট যাবে না। আমরা এই তফসিল প্রত্যাখান করছি।”
তিনি আরও বলেন, “আমরা কমিশনকে বলেছি, আপনারা ৪ দল, ১৪ দল, মহাজোটের অন্যান্য শরীক দলগুলোর সঙ্গে আলোচনা করে তফসিল ঠিক করুন। বিতর্কিত নির্বাচনের চেয়ে বিলম্বিত নির্বাচন ভালো।”
তত্ত্ববধায়ক সরকারের ৯০ দিনের (২৫ জানুয়ারি) মধ্যে নির্বাচন অনুষ্ঠানের সাংবিধানিক বাধ্যবাধকতা আছে; এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে প্রতিনিধি দল প্রধান বলেন, “আমরা চাই নির্বাচন পেছানোর জন্য কমিশন সরকারের মাধ্যমে সুপ্রিম কোর্টের কাছে দিক নির্দেশনা চাইবে।”
তিনি কমিশনের কর্মকর্তাদের উদ্দেশে বলেন, “আপনারা সরকারের মাধ্যমে সুপ্রিম কোর্টে যান।”
মোকাম্মেল হক বলেন, “কমিশন ৮ থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে যে ভোটার তালিকা সংশোধন করলো, তা একেবারেই ঠিক মতো হয়নি। অথচ একটি নির্ভুল ভোটার তালিকা সুষ্ঠু নির্বাচনের অন্যতম শর্ত। আমাদের আশঙ্কা, এক কোটি ৪০ লাখ ভুয়া ভোটারকে এই তালিকা থেকে বাদ দেওয়া হয়নি।”
প্রসঙ্গত, কমিশনের সঙ্গে মহাজোট তথা আওয়ামী লীগের প্রতিনিধি দলের এটি চতুর্থ দফা সাক্ষাত। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ সৃষ্টি ও নির্ভুল ভোটার তালিকা তৈরি করার প্রশ্নে প্রতিনিধি দল এর আগে নির্বাচন দেড় মাস পেছানোর দাবি করে।
এর আগে প্রথম দফায় কমিশন ২৭ নভেম্বর নির্বাচনের তফসিল ঘোষণা করে। এই তফসিল অনুযায়ী, ২০০৭ সালের ২১ জানুয়ারি নির্বাচন হওয়ার কথা ছিল। এতে মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন ১০ ডিসেম্বর, বাছাইয়ের দিন ১১ ডিসেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৯ ডিসেম্বর ঘোষণা করা হয়।
দ্বিতীয় দফায় ৭ ডিসেম্বর ঘোষিত হয় পুনঃনির্ধারিত তফসিল। এতে নির্বাচনের দিন ঠিক করা হয়েছিল আগামি ২৩ জানুয়ারি। এছাড়া মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন ২০০৬ সালের ২১ ডিসেম্বর, বাছাই ২২ ডিসেম্বর এবং প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ২৮ ডিসেম্বর ঠিক করা হয়।
তৃতীয় দফায় আবারও ১৮ ডিসেম্বর পরিবর্তন করা হয় তফসিল। ২৩ জানুয়ারি সরস্বতী পূজা থাকায় ভোট গ্রহণের তারিখ একদিন এগিয়ে এনে নির্ধারণ করা হয় ২২ জানুয়ারি। তখন মনোনয়ন পত্র দাখিলের শেষ সময়, বাছাই ও প্রত্যাহারের দিনক্ষণ ঠিক রাখা হয়েছিল।
সর্বশেষ চতুর্থ দফায় বুধবার আবারও তফসিল পরিবর্তন করা হল।
