রাবি শিক্ষিকাকে বাধ্যতামূলক ছুটি, ছাত্রলীগের ধর্মঘট প্রত্যাহার
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি অবমাননার অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তাপসী রাবেয়া হলের আবাসিক শিক্ষিকা মনোয়ারা বেগমকে বাধ্যতামূলক ছুটি দেওয়া হয়েছে।
এ সিদ্ধান্তের পর ছাত্রলীগ তাদের অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে।
মঙ্গলবার রাতে উপাচার্যের বাসভবনে উপাচার্য অধ্যাপক এম আলতাফ হোসেনের সভাপতিত্বে সিনিয়র শিক্ষকদের নিয়ে অনুষ্ঠিত এক জরুরি সভায় তাকে বাধ্যতামূলক ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
বঙ্গবন্ধুর ছবি অবমাননা ও এর জের ধরে উপাচার্য দফতরে ছাত্রলীগ নেতাকর্মীদের ভাংচুরের ঘটনা তদন্তে পরিবহন দফতরের প্রশাসক অধ্যাপক রফিকুল ইসলাম রুমীকে আহ্বায়ক করে চার সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন এবিএম শাহজাহান আলী, নজরুল ইসলাম ও আসলাম হোসেন।
মনোয়ারা বেগমকে বিশ্ববিদ্যালয় প্রশাসন বাধ্যতামূলক ছুটি দেওয়ায় ছাত্রলীগ তাদের লাগাতার ধর্মঘট কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে। বুধবার ছাত্রলীগ ও ছাত্রদল নেতাকর্মীরা ক্যাম্পাসে মহড়া দেওয়ায় ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
রোববার মনোয়ারা বেগম তাপসী রাবেয়া হলের স্টোর রুম থেকে বঙ্গবন্ধুর একটি ছবি বের করে হলের কর্মকর্তা-কর্মচারী ও আবাসিক ছাত্রীদের সামনে পা দিয়ে মাড়িয়ে ভাংচুর করেন।
ছাত্রলীগ নেতাকর্মীরা মঙ্গলবার দুপুরে এ ঘটনার প্রতিবাদ জানাতে উপাচার্য দফতরে গেলে প্রক্টরের সঙ্গে বাক-বিতন্ডার এক পর্যায়ে তারা ভাংচুর করে। পরে ছাত্রদলের সঙ্গে ছাত্রলীগ নেতা-কর্মীদের সংঘর্ষ হয়।
