গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায় ইইউ
বাংলাদেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায় সফররত ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল।
বনানীর হাওয়া ভবনে বুধবার রাতে বিএনপি মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়ার সঙ্গে বৈঠকে তারা এ মনোভাব ব্যক্ত করেন।
বৈঠক শেষে সাবেক পররাষ্ট্র উপদেষ্টা রিয়াজ রহমান সাংবাদিকদের বলেন, ইইউ দীর্ঘ মেয়াদের জন্য ১৫০ জন পর্যবেক্ষক পাঠাবে। তারা দেখতে চায় বাংলাদেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হোক।
বৈঠকে নির্বাচন কমিশন পুনর্গঠন, ভোটার তালিকা সংশোধণ ও আওয়ামী লীগের দাবি দাওয়া নিয়ে আলোচনা হয়েছে বলে উল্লেখ করে তিনি বলেন, “ আমরা তাদের বলেছি নির্বাচনের তারিখ পেছানোর কোনো সুযোগ নেই। কেননা ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানে সাংবিধানিক বাধ্যবাধকতা আছে। এক্ষেত্রে দুই রাজনৈতিক জোট একমত হলেও কোনো লাভ হবে না। কারণ যে কোনো নাগরিক উচ্চতর আদালতে সংবিধান লংঘনের মামলা করতে পারেন।
বৈঠকে ইইউ এর তিন সদস্যের নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দলের নেতৃত্ব দেন আলেকজান্ডার ম্যানগ্রুব।
মান্নান ভূঁইয়ার সঙ্গে ছিলেন সাবেক পররাষ্ট্র মন্ত্রী মোর্শেদ খান ও সাবেক পররাষ্ট্র উপদেষ্টা রিয়াজ রহমান।
