মান্নান ভূঁইয়ার সঙ্গে কূটনীতিবিদদের বৈঠক
বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত আনোয়ার চৌধুরীর নেতৃত্বে ১১টি ইউরোপীয় দেশ এবং দাতা গোষ্ঠী ইইউ এবং ইউএনডিপির প্রতিনিধিরা বিএনপি মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়ার সঙ্গে বৈঠক করেছেন।
পশ্চিমা দেশের কূটনীতিবিদরা আগামী নির্বাচন, সাংবিধানিক বাধ্যবাধকতা এবং বিএনপির অবস্থান নিয়ে আলোচনা করেছেন।
আলোচনার বিষয়বস্তু সম্পর্কে জানতে চাইলে আনোয়ার চৌধুরী সাংবাদিকদের বলেন, “বৈঠকে কি কথা হয়েছে তা নিয়ে আমরা কোন মন্তব্য না করার সিদ্ধান্ত নিয়েছি।”
নাম প্রকাশে অনিচ্ছুক এক ইউরোপীয় কূটনীতিবিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে জানান, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার ধারাবাহিকতার অংশ হিসেবে বুধবারের বৈঠকটি হয়।
বৈঠক শেষে এম মোরশেদ খান সাংবাদিকদের জানান, আগামী নির্বাচন সাংবিধানিক বাধ্যবাধ্যকতা এসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে। কূটনীতিবিদরা বর্তমান পরিস্থিতিতে বিএনপির অবস্থান সম্পর্কে জানতে চেয়েছেন।
কূটনীতিকরা নির্বাচন পেছানোর কথা বলেছেন কিনা জানতে চাইলে সাবেক পররাষ্ট্রমন্ত্রী বলেন, তারা (কূটনীতিবিদরা) মনে করেন এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। তারা এ ব্যাপারে নাক গলাবেন না।
বুধবার দুপুর ১২টার দিকে রাজধানীর বনানীতে বিএনপির নতুন নির্বাচনী কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যাক আঁন্দ্রে কস্তিলে, কানাডার রাষ্ট্রদূত বারবারা রিচার্ডসন, অস্ট্রেলিয়ার হাইকমিশনার ডগলাস ফসকেটসহ জার্মানী, নরওয়ে, ইতালি, ডেনমার্ক ও সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতরা এবং জাতিসংঘের রেনেটা ডেসালিন ও ইউএনডিপিসহ কয়েকটি দাতা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অন্যদিকে বিএনপির পক্ষে ব্যারিস্টার মওদুদ আহমেদ, সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান, সাবেক পররাষ্ট্র সচিব রিয়াজ রহমান এবং সাবেক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ নাসির উদ্দিন, খন্দকার মাহাবুব উদ্দিন আহমাদ, যুগ্ম মহাসচিব নজরুল ইসলাম খান এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক মহাপরিচালক জহিরুল হক উপস্থিত ছিলেন।
