বাংলাদেশের গণতন্ত্রের ভবিষ্যত নিয়ে ব্রিটেন উদ্বিগ্ন
বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত আনোয়ার চৌধুরী রাজনৈতিক সংকট নিয়ে মঙ্গলবার তার সরকারের পক্ষে উদ্বেগ প্রকাশ করেছেন।
সংকট নিরসন না হলে তা বাংলাদেশের গণতন্ত্রের জন্য কি ফলাফল বয়ে আনবে ব্রিটিশ রাষ্ট্রদূত তা নিয়েও আশংকা প্রকাশ করেন।
মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ব্রিটিশ রাষ্ট্রদূত তত্ত্বাবধায়ক সরকার এবং নির্বাচন কমিশনের উপর কিছু রাজনৈতিক দলের আস্থার অভাবের কথাও উল্লেখ করেন।
তিনি বলেন, “সাম্প্রতিক ঘটনায় আমরা খুবই উদ্বিগ্ন। একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান এবং তাতে সব পক্ষের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশনকে অবশ্যই সবার আস্থা অর্জন করতে হবে।”
রাজনৈতিক সংকট নিরসনে আরও বেশি নমনীয় হওয়ার জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান তিনি।
আনোয়ার চৌধুরী বলেন, “পরিস্থিতি খুব জটিল এবং সামনে এগিয়ে যাওয়ার পথ খুঁজতে রাজনৈতিক দলগুলোকে একটি অর্থবহ সমঝোতা করতে হবে।”
তিনি বলেন, “সময়মত অগ্রগতি না হলে অনাকাঙ্খিত ফলাফলের আশংকা করছি আমরা।”
