২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিন ঘন্টা পরই মিলে গেল ছাত্রদল ও শিবির

চট্টগ্রাম মেডিকেল কলেজে কয়েক দফা সংঘর্ষের তিন ঘন্টা পরই ঝগড়া মিটিয়ে ফেলেছে ছাত্রদল ও শিবিরের কর্মীরা। এর পরিপ্রেক্ষিতে কলেজ কর্তৃপক্ষ প্রথমে ৪ জানুয়ারি পর্যন্ত চমেক বন্ধ ঘোষণার সিদ্ধান্ত নিলেও তা প্রত্যাহার করে নেয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2006, 08:53 PM

Updated : 26 Apr 2022, 04:10 PM

জানা গেছে, ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে দফায় দফায় সংঘর্ষের পর মঙ্গলবার বিকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) বন্ধ ঘোষণা করা হয়। দুপুর আড়াইটায় একাডেমিক কাউন্সিলের এক জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী তিনটার দিকে একাডেমিক ভবন এবং প্রধান মেডিকেল ছাত্রাবাসে ৪ জানুয়ারি পর্যন্ত কলেজ বন্ধ ও বিকাল ৪টার মধ্যে ছাত্রাবাস খালি করার নোটিশ টাঙ্গানো হয়।

এর পরপরই বিএনপি সমর্থিত বিএমএ এবং জামায়াত সমর্থিত এনডিএফ (ন্যাশনাল ডক্টরস ফোরাম) নেতাদের জরুরি হস্তক্ষেপে চমেক ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতারা সমঝোতা বৈঠকে বসে।

বৈঠকে উভয় সংগঠনের নেতারা সংঘর্ষের জন্য দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়ে সমঝোতায় পৌঁছায়।

এরপর তাদের অনুরোধে বিকাল সাড়ে পাঁচটায় চমেক একাডেমিক কমিটির অপর একটি জরুরি সভায় বিবদমান দুই দলের নেতারা লিখিত মুচলেকা দিলে কর্তৃপক্ষ কলেজ বন্ধ ঘোষণার পূর্ববর্তী সিদ্ধান্ত প্রত্যাহার করে নেয়।

এ বিষয়ে চট্টগ্রামে মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ইমরান বিন ইউনুস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-কে বলেন, “উভয় ছাত্র সংগঠন ঘটনার জন্য ক্ষমা চেয়ে মুচলেকা দিলে আমরা আবার কলেজ চালু রাখার সিদ্ধান্ত নেই।”

কয়েক ঘন্টার মধ্যে সিদ্ধান্ত পরিবর্তনের বিষয়ে তিনি বলেন, “দুই ভাই মারামারি করার পর ক্ষমা চাইলে বৃহত্তর একাডেমিক স্বার্থে কলেজ চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। আমি উভয় সংগঠনের নেতাদের স্পটভাষায় জানিয়ে দিয়েছি, এর পর কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে এক বছরের জন্য কলেজ বন্ধ ঘোষণা করা হবে এবং ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হবে। সংগঠনের নেতৃবৃন্দ এ শর্তে রাজী হওয়ায় কলেজ বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়।”

এদিকে বিবদমান দুই ছাত্র সংগঠনের মধ্যে আলোচনার টেবিলে সমঝোতা হলেও কলেজ ক্যাম্পাস ও ছাত্রাবাসে উভয় সংগঠনের কর্মী-সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। পরবর্তীতে বড় ধরনের সংঘর্ষ এড়াতে কলেজ ক্যাম্পাসে ও ছাত্রাবাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে পুলিশের সহকারী কমিশনার (পাঁচলাইশ) মারুফ হোসেন জানান। উভয় সংগঠন মুচলেকা দিয়ে সমঝোতায় পৌছানোতে কোন মামলা হয়নি।

দুপুর ১২টার দিকে একাডেমিক ভবনে প্রথম বর্ষ এমবিবিএস শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রমের দ্বিতীয় দিনে কলেজ ছাত্রাবাসে আসন বন্টনকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে দফায় দফায় দুই ঘন্টাব্যাপী সংঘর্ষ হয়। উভয় সংগঠনের কর্মীদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি এবং পরে তা সংঘর্ষে রূপ নেয়।

দুপুর দুইটার দিকে ব্যাপক পুলিশী তৎপরতায় কলেজ ক্যাম্পাসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। প্রথম দফা সংঘর্ষের পর শিবিরের কর্মীরা ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে মেডিকেলের প্রধান ছাত্রাবাসে গিয়ে ছাত্রদলের তিনটি কক্ষ ভাংচুর করে। এর একটিতে ছাত্রদল নেতা ও ছাত্র সংসদের সাধারণ সম্পাদক ইমরানুর রহমান সনেট থাকতেন। এরপর ছাত্রাবাসে উভয় দলের কর্মী সমর্থকেরা দ্বিতীয় দফায় সংঘর্ষে জড়িয়ে পরে। শিবির দাবি করেছে এসময় তাদের দুটি কক্ষও ছাত্রদলের কর্মীরা ভাংচুর করেছে।

দু’দফা সংঘর্ষে উভয়পক্ষের ৫/৬ জন আহত হয়েছে বলে দাবি করা হলেও কাউকে হাসপাতালে ভর্তি করা হয়নি।

সংঘর্ষের জন্য ছাত্রদল নেতা ও চমেক ছাত্র সংসদের সাধারণ সম্পাদক ইমরানুর রহমান সনেট ছাত্রশিবিরের ক্যাডারদের দায়ী করে বলেন, শিবির প্রথম বর্ষের ছাত্রদের ভয় দেখানোর জন্য পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে। নিজেদের শক্তি প্রদর্শনের জন্য কলেজ ক্যাম্পাসে বহিরাগতদের জড়ো করে তারা ছাত্রদলের উপর হামলা চালায়।

ছাত্রশিবির মহানগর উত্তর শাখার সাংগঠনিক সম্পাদক গোলাম মাওলা শিমুল বলেন, ছাত্রদল কর্মীরা আমাদের কর্মীদের প্রথমে আঘাত করলে আমরা পাল্টা জবাব দেই।

কলেজ ক্যাম্পাসে বহিরাগতদের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, শিবিরের মহানগর নেতারা যেকোনো সময় যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার অধিকার রাখেন।

এদিকে কর্তৃপক্ষ জানায় সোমবার থেকে শুরু হওয়া এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি প্রক্রিয়া আগামী ২৪ ডিসেম্বর পর্যন্ত চলবে।