২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় পৌঁছেছে ইইউর মূল নির্বাচন পর্যবেক্ষক দল

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-এর নির্বাচন পর্যবেক্ষণ মিশনের মূল দলের নয় সদস্য রোববার সকালে ঢাকায় এসেছেন। মিশনটি ১০ সদস্যের হলেও দলনেতা আলেকজান্ডার গ্রাফ ল্যাম্বসডরফ আসবেন ১৯ ডিসেম্বর।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2006, 08:09 PM

Updated : 26 Apr 2022, 04:09 PM

ঢাকায় ইউরোপীয় কমিশন (ইসি)-এর এক কর্মকর্তা জানান, ইইউর পক্ষ থেকে পর্যবেক্ষণ মিশনে যোগ দেবেন প্রায় দুশ’ কর্মকর্তা। পুরো দলেরই নেতৃত্বে থাকবেন ইউরোপীয় পার্লামেন্টের জার্মান সদস্য ল্যাম্বসডরফ।

তিনি অবশ্য এ মাসের ২২ তারিখে ফিরে গিয়ে জানুয়ারির প্রথম সপ্তাহে আবার আসবেন।

ইইউর এই মিশনের সদস্যরা তাদের কর্মপরিকল্পনা ও কর্মপরিধি নিয়ে আগামী ২০ ডিসেম্বর গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন।

রোববার ইইউর এক বিজ্ঞপ্তিতে বলা, আগামী ২৩ ডিসেম্বর থেকে পর্যবেক্ষক মিশন কাজ শুরু করবে।

ইইউ মিশনের কর্মকর্তারা তিন পর্যায়ে বাংলাদেশে আসবেন। রোববার আসা মূল দলটি নির্বাচন পর্যন্ত কাজ করবে।

২৬ ডিসেম্বর ৪০ সদস্যের যে দলটি আসবে তারাও নির্বাচন পর্যন্ত থাকবে। আর নির্বাচনের এক সপ্তাহ আগে আসবে ১৩০ সদস্যের স্বল্পমেয়াদী পর্যবেক্ষক দলটি। এদের মধ্যে ১০০ জন বাইরে থেকে আসবেন। বাকি ৩০ জন ঢাকায় বিভিন্ন মিশনে কর্মরত।

নির্বাচনের তিনদিন পর ইইউ তাদের প্রাথমিক প্রতিবেদন দেবে। আর চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হবে নির্বাচনের তিনমাস পর।