২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিন কয়েকের মধ্যে সংকট কেটে যাবে: কৃষি উপদেষ্টা

আগামী কয়েক দিনের মধ্যেই রাজনৈতিক সংকট কেটে যাবে বলে আশা করছেন তত্ত্বাবধায়ক সরকারের কৃষ্টি উপদেষ্টা সফিকুল হক চৌধুরী।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2006, 06:55 PM

Updated : 26 Apr 2022, 04:09 PM

রোববার তিনি বলেন, “দিন তারিখ ধরে সংকট কাটার কথা বলতে পারছি না। কারণ এই সময়ের মধ্যে সমাধান না হলে সাংবাদিক বন্ধুরা আমাকে ছেড়ে কথা বলবেন না।”

বাংলাদেশ ধান গবেষণা ইন্সস্টিটিউটের (ব্রি) বার্ষিক গবেষণা পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “এভাবে অবরোধ চলতে থাকলে জাতি হিসেবে আমরা টিকতে পারবো কিনা সন্দেহ।

“অবরোধ যেমন সমর্থন করি না, তেমনি এমন কর্মসূচির পরিবেশ যিনি বা যারা সৃষ্টি করেন তাদেরও দোষী মনে করি।”

ব্রির মহাপরিচালক ড. এম এ বাকীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন পরিকল্পনা কমিশনের সাবেক সদস্য ড. শাহ মোহাম্মদ হাছানুজ্জামান, বিএআরসির নির্বাহী চেয়ারম্যান ড. এম নুরুল আলম, ব্রির পরিচালক (প্রশাসন) ড. নূর-ই এলাহী ও পরিচালক (গবেণা) ড. বিএ মুস্তাফি।

পাঁচ দিনের বার্ষিক গবেষণা পর্যালোচনা সভায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান ও সরকারি-বেসরকারি সংস্থার ৩শ’ বিশেষজ্ঞ ও প্রতিনিধি অংশ নেন।

সফিকুল হক বলেন, “১৪ দলীয় জোট দুই নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবি করেছে। কিন্তু পদত্যাগ করানোর ক্ষমতা আমাদের নেই। আলোচনার মাধ্যমে সাফল্য বের করা কঠিন।”

তিনি বলেন, “আমি সাধরণ মানুষ, স্যুট, টাই আর হুইসেলের আওয়াজে আমি অতিষ্ঠ। উপদেষ্টা হওয়ার আগে রাত সাড়ে ১০টায় বিছানায় যেতাম আর উঠতাম সকাল সাতটায়। কিন্তু এখন ঘুম আসে না। গত সাত দিন ট্যাবলেট খেয়ে ঘুমাতে হচ্ছে।”

ধান গবেষণা ইন্সস্টিটিউট বিষয়ে উপদেষ্টা বলেন, “মোবাইল ফোন প্রতিষ্ঠানগুলোর মত ব্যাপক প্রচার চালিয়ে ধান গবেষণার সাফল্যের কথা সর্বস্তরের মানুষকে জানানো দরকার।”