২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সুপ্রিম কোর্ট ভাংচুরের ঘটনায় আইনজীবীরা জড়িত নন’

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ভাংচুর ও অগ্নি সংযোগের ঘটনায় আইনজীবীরা জড়িত নন। আইনজীবীদের বিক্ষুব্ধতার সুযোগে স্বার্থান্বেষী মহল বা তৃতীয় কোনো পক্ষ বিচার বিভাগের ভাবমূর্তি এবং বিচারক ও আইনজীবীদের মধ্যে সু-সম্পর্ক নষ্ট করার চক্রান্ত হিসেবে এ ঘটনা ঘটিয়েছে।

সুপ্রিম কোর্ট প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2006, 06:25 PM

Updated : 26 Apr 2022, 04:09 PM

রোববার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কনফারেন্স রুমে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে গত ৩০ নভেম্বর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ভাংচুর ও অগ্নি সংযোগের ঘটনা তদন্তে গঠিত সমিতির কমিটি এই প্রতিবেদন প্রকাশ করে।

কমিটির আহবায়ক ব্যারিস্টার শফিক আহমেদ তিন পৃষ্ঠার এ লিখিত প্রতিবেদনে বলেন, “ঘটনার সঙ্গে কোনো আইনজীবী জড়িত থাকার কোনো প্রমাণ পাওয়া যায়নি। গাড়ি ভাংচুর ও অগ্নি সংযোগ করেছে প্যান্ট ও গেঞ্জি পরিহিত কয়েকজন বহিরাগত যুবক, কোন আইনজীবী নয়।”

সাংবাদ সম্মেলনে আট সদস্যের কমিটির ছয় জন সমিতির সাবেক সভাপতি আবদুল বাসেত মজুমদার, মো. ওজায়ের ফারুক, মাহবুবে আলম, বার কাউন্সিল সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন ও সদস্য সচিব সমিতির সম্পাদক এ এম আমিনউদ্দিন। কমিটির অন্য দুই সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিঞা ও ব্যারিস্টার জিয়াউর রহমান খান এসময় উপস্থিত ছিলেন না।

লিখিত তদন্ত প্রতিবেদনে ব্যারিস্টার শফিক আহমেদ জানান, “রাষ্ট্রপতির প্রধান উপদেষ্টার পদে অধিষ্ঠিত হওয়াকে চ্যালেঞ্জ করে দায়ের করা মামলার শুনানি শেষে ৩০ নভেম্বর আদেশ প্রদানের আগে প্রধান বিচারপতি মোশন শুনানি স্থগিতের আদেশ দেন। প্রধান বিচারপতির স্থগিতাদেশের পরবর্তীতে সুপ্রিম কোর্ট অঙ্গণে ভাংচুরের ঘটনা ঘটে।

এ ঘটনায় গত ৪ ডিসেম্বর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সভায় তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। তদন্ত কমিটি ঘটনার স্থান সরেজমিনে পরিদর্শন, ১২০ জন প্রত্যক্ষদর্শীর বক্তব্য গ্রহণ, কর্মরত সাংবাদিক, আদালতের কর্মচারী ও পুলিশের বক্তব্য গ্রহণ করে দ্ইু সপ্তাহের মাথায় প্রতিবেদন প্রকাশ করে।

তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, “প্রধান বিচারপতির বন্ধ এজলাস কক্ষের ভিতরে কে কখন কিভাবে ঢুকেছে ও ভাংচুর করেছে তা রহস্যজনক মনে হয়েছে। কারণ দরজা তালাবদ্ধ থাকার সাক্ষ্য প্রমাণ আমাদের কাছে আছে। তার চাবি কোর্ট কিপারের কাছে থাকে। তালা বা দরজা ভাঙ্গার কোনও আলামত পাওয়া যায়নি।”

প্রতিবেদনে আরও বলা হয়, ঘটনার সঙ্গে কোন আইনজীবী জড়িত থাকার কোন প্রমাণ পাওয়া যায়নি। ঘটনার সময় প্রধান বিচারপতির আদালতে সাংবাদিকরা উপস্থিত ছিলেন না। বিকেলে তারা প্রধান বিচারপতির এজলাসে উপস্থিত হয়ে কোনো আইনজীবীকে সেখানে দেখেননি। আদালতের কোন কর্মকর্তা বা কর্মচারী কোন আইনজীবী সম্পর্কে তাদের কাছে কোনো অভিযোগ করেননি।

“সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে একটি গাড়ী ভাংচুর ও অগ্নি সংযোগের ঘটনার বিষয়ে বিভিন্ন টেলিভিশনে প্রচারিত সংবাদ ও পত্রিকার প্রকাশিত ছবি থেকে স্পষ্টত দেখা যায় যে, প্যান্ট ও গেঞ্জি পরিহিত কতিপয় বহিরাগত যুবক এই ঘটনা ঘটিয়েছে।”

প্রতিবেদনে বলা হয়, ঘটনার সঙ্গে কোন আইনজীবীর সংশ্লিষ্টতা সম্পর্কে কোন তথ্য পাওয়া যায়নি। এজলাসের অভ্যন্তরে কথিত ভাংচুরের সঙ্গে জড়িত ব্যক্তিদের সম্পর্কে তথ্য দিতে কেউই পারেননি। কীভাবে বা কারা এই ভাংচুর করেছে সে বিষয়ে সঠিক কোন তথ্যই পাওয়া যায়নি।

প্রতিবেদনে বলা হয়, “ তদন্ত কমিটি মনে করে একটি স্বার্থান্বেষী মহল যারা আলোচিত রিট মামলায় পক্ষ না হয়েও মামলার বিরোধিতা করেন। এটর্নি জেনারেলকে সার্বক্ষণিক বুদ্ধি পরামর্শ প্রদান করেন। বিভিন্ন ভাবে মামলার শুনানিতে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন এবং সেই মহলটির প্রত্যক্ষ উস্কানিতে আদালত অঙ্গণে অরাজক ও নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে ৪ দলীয় জোটের জনসভা থেকে একের পর এক আদালত বন্ধ করে দেয়ার হুমকি এবং শীর্ষ আইনজীবীদের গ্রেপ্তার ও তাদের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি না করা পর্যন্ত আদালত বন্ধের দাবি ও জিডিকে এজাহারে রূপান্তর করা থেকেও এই ধারণার সমর্থন পাওয়া যায়। আদালত অঙ্গণে অরাজক পরিস্থিতি সৃষ্টির পেছনে ওই মহলের নীলনক্সা ও প্ররোচনা ছিল বলে প্রতীয়মান হয়। ”

তদন্ত প্রতিবেদনে আরো বলা হয়, ঘটনার তারিখ এক কোর্ট কিপারের দায়ের করা প্রথম মামলায় কোনো আসামীর নাম উল্লেখ করা হয়নি। কিন্তু ঘটনার ৫ দিন পর সুপ্রিম কোর্টের আরেকজন কোর্ট কিপার এজাহার কারী হিসাবে আরেকটি এজাহার দায়ের করে। সেখানে ড. কামাল হোসেন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যানসহ ৮ জনের নাম উল্লেখ করা হয়। ঘটনার সঙ্গে তাদের কোনো যোগাযোগ থাকলে প্রথম এজাহারেই তাদের নাম থাকত।

প্রতিবেদনে বলা হয়, রিট মামলার আইনজীবী ড. কামাল হোসেনসহ অন্য আইনজীবীরা প্রধান বিচারপতির তর্কিত স্থগিত আদেশ অবহিত হওয়ার পর বিষয়টি সম্পর্কে তার সঙ্গে খাস কামরায় দেখা করতে গেলে জানতে পারেন যে তিনি ১২ টা ৪৫ মিনিটে আদালত প্রাঙ্গন ত্যাগ করেছেন।

এরপর ড. কামাল হোসেন বিচারপতি রুহুল আমিন ও বিচারপতি আমিরুল কবির চৌধুরীর সঙ্গে কথা বলেন। তিনি প্রধান বিচারপতির সঙ্গে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হন। আদালত থেকে বের হওয়ার পর মামলার কৌসুলী ব্যারিস্টার আমীরউল ইসলাম, রোকনউদ্দিন মাহমুদ, তানিয়া আমীরসহ অন্যান্য আইনজীবীরা সাংবাদিকদের সমিতির সভাপতির কক্ষে এসে সাংবাদিকদের কাছে পুরো বিষয়টি ব্যাখ্যা করেন।