নির্বাচনে অন্তত ২০টি আসন চায় ১১ দল
আগামি নির্বাচনে আওয়ামী লীগের কাছে অন্তত ২০টি আসন চায় ১১ দল। অবশ্য কোন কোন আসন চাওয়া হবে তা সোমবার ১১ দলের বৈঠকের পর চূড়ান্ত করা হবে।
ওয়ার্কার্স পার্টির কার্যালয়ে রোববার সকালে সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়ার সভাপতিত্বে ১১ দলের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
দিলীপ বড়ুয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৈঠকে মূলত এরশাদকে নিয়ে ১৪ দলের মহাজোট এবং নির্বাচনের বিষয় নিয়ে আলোচনা হয়েছে ।
দিলীপ বড়ুয়া বলেন, “এরশাদের সঙ্গে আমরা এক মঞ্চে যাবো না।”
১১ দল জোটগতভাবে সম্ভাব্য আসন চূড়ান্ত করে আওয়ামী লীগের সঙ্গে আলোচনা করবে বলেও তিনি জানান।
দিলীপ বড়ুয়া বলেন ,“আমরা ২০ থেকে ২৫ টা আসন চাইতে পারি। তবে যার জন্য যে প্রতীক নিয়ে জয়লাভ সহজ হবে সে সেই প্রতীক নিয়েই নির্বাচন করবে।”
গত শনিবারের বৈঠকে না থাকলেও রোববারের বৈঠকে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন উপস্থিত ছিলেন। তিনি জানান, ১১ দল আওয়ামী লীগের কাছে কতগুলো আসন চাইবে তা এখনো চূড়ান্ত হয়নি। সমন্বিত উদ্যোগ নেওয়ার জন্যই রোববার এই বৈঠকটি অনুষ্ঠিত হয়।
এরশাদের বিষয়ে ১১ দলের সিদ্ধান্ত কি তা জানতে চাইলে মেনন বলেন,“নিজ নিজ দলের অবস্থানের ভিত্তিতেই ভবিষ্যতে সিদ্ধান্ত নেওয়া যাবে।”
বৈঠকে আরও উপস্থিত ছিলেন ১১ দলের সমন্বয়ক বিমল বিশ্বাস, জাকির হোসেন, হাজী আব্দুস সামাদ, অসিত বরণ রায় প্রমুখ।
বৈঠকে উপস্থিত নেতাদের চাপে রাশেদ খান মেনন বৈঠক থেকেই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিলকে ফোন করেন এবং আসন বন্টনের বিষয় ও জাতীয় পার্টিকে কতো আসন দেওয়া হবে তাও জানতে চান ।
