২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দাবি আদায় না হওয়া পর্যন্ত দেশে নির্বাচন নয়: আ. লীগ

দাবি আদায় না হওয়া পর্যন্ত দেশে কোনো নির্বাচন হতে দেবে না আওয়ামী লীগ। বিজয় দিবস উপলক্ষে আয়োজিত মিছিল ও সমাবেশে দলের নেতারা এ প্রত্যয় জানিয়েছেন শনিবার বিকেলে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2006, 06:47 PM

Updated : 26 Apr 2022, 04:09 PM

বিজয়ের ৩৫তম বার্ষিকী উপলক্ষে শনিবার বিজয় মিছিল শুরুর আগে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিশনের সামনে খোলা ট্রাকের ওপর বসানো মঞ্চে এক সংক্ষিপ্ত সমাবেশে আওয়ামী লীগ নেতারা একথা বলেন।

এর আগে দলের সভাপতিমণ্ডলীর সদস্য আমির হোসেন আমুর নেতৃত্বে স্বাধীনতা স্তম্ভের ‘শিখা চিরন্তনে’ পুষ্প স্তবক দেন দলের কেন্দ্রীয় নেতারা।

আমির হোসেন আমু ওই সমাবেশে বলেন, “চারদলীয় জোট ষড়যন্ত্রের মধ্য দিয়ে ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা চালাচ্ছে। কিন্তু আমরা চাই, প্রত্যেকের ভোটের অধিকার নিশ্চিত করতে। জনগণের ভোটের অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত এ দেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না।”

এর পর সোহরাওয়ার্দী উদ্যান থেকে বিকেল ৪.৩৫ মিনিটে শুরু হয়ে শাহবাগ, সায়েন্স ল্যাবরেটরি হয়ে প্রায় ঘন্টা পর আওয়ামী লীগের এই বিজয় মিছিল রাসেল স্কোয়ারে এসে শেষ হয়।

সমাবেশে সাবেক পানিসম্পদ মন্ত্রী আব্দুর রাজ্জাক বলেছেন, “নির্বাচনের আগে জনগণের ভোটের অধিকার নিশ্চিত করতে হবে।”

সভাপতিমণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, “যেদিন রাষ্ট্রপতি সংবিধান লংঘন করে প্রধান উপদেষ্টা হয়েছেন সেদিন থেকেই নির্বাচন অনিশ্চিত হয়ে গেছে।”

সুরঞ্জিত সেন গুপ্ত বলেন, “যতক্ষণ পর্যন্ত জনগণের দাবি আদায় না হবে ততক্ষণ কেউ নির্বাচনে যাবে না।”

অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে মতিয়া চৌধুরী, মুকুল বোস, আব্দুল মান্নান, আব্দুর রহমান, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, হাবিবুর রহমান সিরাজ ও ওমর আলিও সমাবেশে বক্তব্য রাখেন।

আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদের, সাবের হোসেন চৌধুরী, সৈয়দ আশরাফুল ইসলাম এবং ফারুক খানসহ বিভিন্ন সহযোগী ও অঙ্গসংগঠনের সভাপতি সাধারণ সম্পাদকরা মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল সায়েন্স ল্যাবরেটরি থেকে মিছিলে যোগ দেয়।

আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকরা বিভিন্ন ধরনের ব্যানার ও ফেস্টুন নিয়ে এ মিছিলে য়োগ দেয় । অনেকেই এসময় জাতীয় ও দলীয় পতাকা বহন করছিলো। আবার ঢাকা মহানগরের বিভিন্ন আসনের মনোনয়ন প্রত্যাশীরা নৌকা ও ব্যান্ড পার্টি নিয়ে এসেছিলেন।

রাসেল স্কোয়ারে এসে মিছিলের সমাপ্তি ঘোষণা করে আব্দুল জলিল বলেন, বাংলাদেশকে অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসাবে গড়ে তোলা যে স্বপ্ন ছিলো বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে সে স্বপ্নের বিরুদ্ধে চক্রান্ত শুরু হয়েছে ।